ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ে ভাংচুর চালানোর অভিযোগে মঙ্গলবার গ্রেপ্তার ১৭ জনকে বুধবার জামিন দিয়েছে আদালত।
দলীয়করণ ও অনিয়মের অভিযোগে বাতিল হওয়া ২৭তম বিসিএস পরীক্ষায় প্রথমবার উত্তীর্ণ আন্দোলনকারীরা চাকরির দাবিতে মঙ্গলবার পিএসসি অবরোধ করে। ওই সময় পুলিশ এই ১৭ জনকে গ্রেপ্তার করে।
ওই ঘটনায় পিএসসির পক্ষ থেকে কাফরুল থানায় একটি মামলা হয়।
গ্রেপ্তারকৃতদের আইনজীবীরা বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জামিনের আবেদন জানান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হাকিম সাইফুর রহমান সিদ্দিকী জামিনের আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর আদালতকে বলেন, "অভিযুক্তরা ঘটনার সময় পিএসসিতে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। পুলিশই তাদের ওপর আক্রমণ করেছে।"
জামিনপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ সায়েম, মোহাম্মদ সেলিম, কামালউদ্দিন, নাজিউর রহমান বাবলু, ইদ্রিস আলী, মামুন খান, রশিদুল ইসলাম, টিএইচ খান অপু, মীর আরিফ হোসেন, আনোয়ার সাদত সায়েম, কামাল হোসেন, মাকসুদ মোর্শেদ হোসেন, তারিকুল ইসলাম, নাঈম খান, মোহাম্মদ নয়ন, আব্দুল্লাহ আল রিজভী ও এনামুল হক।
মঙ্গলবার এদের পক্ষে আদালতে জামিনের আবেদন করা হলেও তা প্রত্যাখ্যাত হয়। আদালত তখন তাদের কারাগারে পঠিয়ে দেয়।
দলীয়করণ ও অনিয়মের অভিযোগে বাতিল হওয়া ২৭তম বিসিএস পরীক্ষায় অনুত্তীর্ণ আন্দোলনকারীরা চাকরির দাবিতে মঙ্গলবার চার ঘণ্টারও বেশি সময় পিএসসি অবরোধ করে রাখে। ওই সময় পিএসসিতে ভাংচুরও চালানো হয়।
২৭তম বিসিএস পরীক্ষার প্রথমবারের ফলাফল গত বছর বাতিল করা হয়। পরে নতুন করে মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে পিএসসি।
আগের ফলাফলে নির্বাচিত প্রার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদে মাস খানেক ধরে অনশন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। গত ১ নভেম্বর থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেছিলেন। সমস্যার 'যৌক্তিক' সমাধানের আশ্বাস দিয়ে গত ২০ নভেম্বর তাদের অনশন ভাঙান শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৫০০ ঘ.
bdnews24