২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আবারও অবরোধ

মঙ্গলবার রাতের পর বুধবার সকালে আবারও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 07:53 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার রাতের পর বুধবার সকালে আবারও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়টি দুই শতাধিক শিক্ষার্থী মহাসড়কটিতে অবস্থান নিয়েছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন আছে। মঙ্গলবার বিকেলে খেলার সরঞ্জাম চুরি করা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষের জের ধরে রাত ৯টার দিকে প্রথমবারের মতো মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পুলিশ তখন হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। বুধবার শিক্ষার্থীরা জানিয়েছে, হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ার সকাল ১০টা থেকে তারা আবারও মহাসড়ক অবরোধ করেছে। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালেহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। অবরোধ তুলে নেওয়ার জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে।" পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস মাঠে ক্রিকেট খেলতে গেলে কাঞ্চন নগর ইউনিয়নের সর্দার পাড়া গ্রামের কিছু যুবক খেলার সরঞ্জাম চুরি করে। খেলা শেষে রাতে শিক্ষার্থীরা তাদের সরঞ্জাম উদ্ধারে গ্রামে গেলে স্থানীয় যুবকদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল বিভাগের সাত ছাত্র আহত হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা রাত নয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ করে। পরে পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজের চতুর্থ ব্যাচের ছাত্র রফিক উদ্দিন আকাশ বলেন, "হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ার আমরা বুধবার সকাল ১০টা থেকে পুনরায় চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ করেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩১৪ ঘ.