২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি চুক্তির বার্ষিকীতে খাগড়াছড়ি-বান্দরবানে নিরব জনসংহতি ও আওয়ামী লীগ

খাগড়াছড়ি ও বান্দরবানে মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ১১তম বার্ষিকী পালিত হয়েছে। চুক্তি বিরোধী কয়েকটি সংগঠন দিনটিকে বেইমান প্রতিরোধ দিবস হিসেবে পালন করলেও চুক্তি সম্পাদনকারী জনসংহতি সমিতি ও বাংলাদেশ আওয়ামী লীগ কোনো অনুষ্ঠান করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2008, 04:08 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাগড়াছড়ি ও বান্দরবানে মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ১১তম বার্ষিকী পালিত হয়েছে। চুক্তি বিরোধী কয়েকটি সংগঠন দিনটিকে বেইমান প্রতিরোধ দিবস হিসেবে পালন করলেও চুক্তি সম্পাদনকারী জনসংহতি সমিতি ও বাংলাদেশ আওয়ামী লীগ কোনো অনুষ্ঠান করেনি। আমাদের খাগড়াছড়ি প্রতিনিধি জানান, মঙ্গলবার বিকেলে শহরের নারান খাইয়া পাইওনিয়ার ক্লাবে এক আলোচনাসভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। সভায় ছাত্র পরিষদের জেলা সভাপতি রতন চাকমা ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত এ চুক্তিকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে সন্তু লারমা চক্রের আপোষ চুক্তি হিসেবে আখ্যায়িত করেন। পাহাড়ী ছাত্র পরিষদ জেলা সাধারণ সম্পাদক অর্পণ চাকমার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কেন্দ্রীয় সদস্য নিরন চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংগ্য মারমা, কেন্দ্রীয় যুব ফোরাম সাধারণ সম্পাদক মিঠুন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের তথ্য ও প্রচার সম্পাদক রিনা দেওয়ান বক্তব্য রাখেন। এছাড়া সকালে পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ (পাজেপ) চেয়ারম্যান রুইথি কার্বারী। পরিষদের খাগড়াড়ি জেলা সভাপতি মারুফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাজেপ'র সাবেক চেয়ারম্যান মণীন্দ্র লাল ত্রিপুরা, সাবেক সংসদ এ কে এম আলিম উল্ল্যাহ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ কেন্দ্রীয় সভাপতি ইয়াকুব আলী চৌধুরী, পাজেপ সদস্য আবু বক্কর সিদ্দিক, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইঁয়া, খাগড়াছড়ি সম-অধিকার আন্দোলন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাজ উদ্দিন, বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সম্পাদক মো. আলমগীর কবির, চট্টগ্রাম মহানগর সভাপতি এ বি এম মুজাহিদুল ইসলাম বাতেন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা সর্বক্ষেত্রে বাঙালিদের সাংবিধানিক অধিকার দেওয়ার দাবি জানান। এ ব্যাপারে আওয়ামী লীগের খাগড়াছড়ি জেলা সভাপতি যতীন্দ্র লাল ত্রিপুরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় এলে যেসব বিষয় বাস্তবায়িত হয়নি সেগুলো বাস্তবায়ন করা হবে।" পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সভাপতি সন্তু লারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া বর্তমান সময়ে অচলাবস্থার মধ্যে পড়েছে। প্রকৃতপক্ষে চুক্তি কাগজে কলমে রয়ে গেছে।" ১৯৯৭ সালে ২ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে সরকারের এ চুক্তি সম্পাদিত হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহবায়ক আবুল হাসনাত আব্দুল্লাহ সরকারের পক্ষে এবং জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় ওরফে সন্তু লারমা আদিবাসীদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বান্দরবান প্রতিনিধি জানান, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ১১তম বর্ষপূর্তিতে পিসিজেএসএস কোনো কর্মসূচি পালন করেনি। তবে শান্তিচুক্তি বিরোধী সংগঠন সমঅধিকার আন্দোলন আলোচনা সভা করেছে। সমঅধিকার আন্দোলনের বান্দরবান জেলা কার্যালয়ে মঙ্গলবার বিকেলে জেলা আহ্বায়ক হাফিজুর রহমান মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে জেলা যুগ্ম আহ্বায়ক সেলিম চৌধরী, সমঅধিকার নেতা নুরুল আলম, আবুল হাসেম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা শান্তিচুক্তিকে বৈষম্যমূলক কালোচুক্তি আখ্যা দিয়ে তা বাতিল করার দাবি জানান। এদিকে জেএসএস কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জলি মং মারমা বিডিনিউজ টোয়েীন্টফোর ডটকমকে জানান, জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার তারা কোনো কর্মসূচি পালন করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৭ ঘ.