ঠাকুরগাঁও, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘদিন পরিত্যাক্ত থাকার পর সামরিক বাহিনীর প্রয়োজন, প্রাকৃতিক দুর্যোগ এবং আপদকালীন মুহূর্তে উপযোগিতার কথা বিবেচনা করে ঠাকুরগাঁও বিমানবন্দর আবার চালু হচ্ছে।
সোমবার সকাল ১০টায় সামরিক বাহিনীর একটি বিমান অবতরণের মাধ্যমে পরীক্ষামূলকভাবে বিমানবন্দরটি চালুর করা হয়। যাত্রী স্বল্পতা ও অলাভজনক হওয়ার কারণ দেখিয়ে ১৯৮১ সালে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়।
বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মঞ্জুর সাংবাদিকদের জানান, এ বছরের ২ ফেব্র"য়ারি রংপুর সার্কিট হাউজে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ঠাকুরগাঁওসহ উত্তরবঙ্গের বন্ধ থাকা বিমানবন্দরগুলি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে সিদ্ধান্ত অনুযায়ী সেনাবাহিনী এটিকে সংস্কারের উদ্যোগ নেয়। এর বেদখল হওয়া জমি উদ্ধার করে। গত দু'মাস ধরে সেনাবাহিনীর ৮ ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা বন্দরের রানওয়ে সংস্কার কাজ করে। এতে ব্যয় হয় সাত লাখ টাকা।
মেজর মঞ্জুর বলেন, "সংস্কার করা ঠাকুরগাঁও বিমানবন্দরে সামরিক বাহিনীর বিমান চলাচল শুরু হয়েছে। এই বন্দরের অর্ধেক জমি ও রানওয়ের মালিক বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ। তারা যে কোনো সময় এখানে বিমান চলাচল শুরু করতে পারবে।"
মেজর মঞ্জুর জানান, ১৯৩৫ সালে ঠাকুরগাঁও শহর থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়ক সংলগ্ন মাদারগঞ্জ এলাকায় ১৮৮ একর জমিতে ঠাকুরগাঁও বিমানবন্দর প্রতিষ্ঠিত হয়। এ বন্দরের পূর্ব-পশ্চিমে প্রায় দেড় কিলোমিটার লম্বা রানওয়ে রয়েছে। পশ্চিম প্রান্তে গাছপালা রোপনসহ একটি বিশেষ ব্যবস্থা গড়ে তোলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে একসঙ্গে ১০টি যুদ্ধ বিমান লুকিয়ে রাখা যেত।
১৯৯৪ সালে এটি আবার চালু করার উদ্দেশ্যে প্রায় এক কোটি টাকা ব্যয়ে রানওয়ে, অফিস ভবন, কাঁটা তারের বেড়া ও বৈদ্যুতিক লাইন মেরামত করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তখন চালু করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২২ ঘ.
bdnews24