চট্টগ্রাম, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে এসিড নিক্ষেপের দায়ে মো. আরিফ ওরফে জানু নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মনিরুজ্জামান এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত আরিফ বাঁশখালী উপজেলার আমিনুর রশিদের পুত্র। সে বর্তমানে পলাতক।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আখতার কবীর চৌধুরী সাংবাদিকদের জানান, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীকে এসিড নিক্ষেপের অপরাধ প্রমাণিত হওয়ায় আরিফকে আদালত যাবজ্জীবন দণ্ডাদেশ দিয়েছেন।
মামলার এজাহারে জানা গেছে, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ২০০০ সালের ২৬ এপ্রিল আয়েশা খাতুনের মুখে এসিড ঢেলে দেয় আরিফ। এ ঘটনায় ওইদিনই বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করা হয়।
সাত জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২২২০ঘ.
bdnews24