ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --এ মুহূর্তে গ্যাসের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। পেট্রোবাংলার আয়-ব্যয় সংক্রান্ত প্রতিবেদনকে 'দুর্বোধ্য ও অস্বচ্ছ' আখ্যায়িত করে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব ন্যায়সঙ্গত ও যুক্তিযুক্ত নয় বলে মন্তব্য করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
তবে দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে 'গ্যাস উন্নয়ন তহবিল' গঠনের লক্ষ্যে গ্রাহকভেদে ১০ থেকে ১৫ শতাংশ গ্যাসের মূল্য বৃদ্ধির বিষয়টি বিবেচনা করবে কমিশন।
গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য পেট্রোবাংলার প্রস্তাবের সিদ্ধান্ত রোববার কমিশন কার্যালয়ের পড়ে শোনানো হয়।
কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান পরে সাংবাদিকদের বলেন, "গ্যাসের দাম এ মুহূর্তে বাড়বে না। ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার জন্য যদি একটি তহবিল গঠন করা হয় তবে সে তহবিলের অর্থ সংস্থানের জন্য ১০ থেকে ১৫ শতাংশ বৃদ্ধি বিবেচনা করা যেতে পারে।"
তিনি বলেন, "এ তহবিল দিয়ে আমাদের জাতীয় কোম্পানিগুলো গ্যাস অনুসন্ধান ও উৎপাদন করবে। এর ওপর আমাদের জোর দেওয়ার কারণ হচ্ছে আন্তর্জাতিক তেল কোম্পানির (আইওসি) কাছ থেকে বেশি দামে গ্যাস কিনতে হয়। তিন বছর আগে আইওসিগুলো দেশের গ্যাসের মোট চাহিদার ২১ শতাংশ সরবরাহ করতো। এখন প্রায় ৫০ শতাংশ সরবরাহ করছে। এটা দিন দিন বাড়ছে।"
অন্যদিকে দেশীয় কোম্পানিগুলোর উৎপাদন ব্যয় কম উল্লেখ করে চেয়ারম্যান বলেন, যদি দেশীয় কোম্পানিগুলোর উৎপাদন বাড়ানো যায় তবে ভবিষ্যতে ভোক্তারা কম দামে গ্যাস পাবে। দেশীয় কোম্পানির উৎপাদন না বাড়ালে এক সময় গ্যাসের দাম 'আকাশচুম্বী' হয়ে যাবে বলে সতর্ক করে দেন তিনি।
কমিশনের চেয়ারম্যান আরও বলেন, "পেট্রোবাংলা গ্যাস বিক্রি করে লাভ করছে। এ অবস্থায় গ্রাহকের ওপর অতিরিক্ত বোঝা চাপানো ঠিক হবে না।"
তহবিল গঠনের জন্য যে টাকা ভোক্তাদের কাছ থেকে আদায় করা হবে তা যেন করমুক্ত করা হয় সেজন্য রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হবে বলে কমিশনের চেয়ারম্যান জানান।
কমিশনের সিদ্ধান্তে বলা হয়েছে, আন্তর্জাতিক তেল কোম্পানির কাছ থেকে উচ্চমূল্যে গ্যাস কিনে বিল পরিশোধের জন্য ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য ৬৫ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব ন্যায় সঙ্গত ও যুক্তিযুক্ত প্রমাণিত হয়নি।
এতে আরও বলা হয়েছে, পেট্রোবাংলা বিভিন্ন মূল্যে/বিনামূল্যে প্রাপ্ত গ্যাস (আইওসি, প্রফিট গ্যাস, জাতীয় কোম্পানির গ্যাস) এর মূল্য ভিন্ন ভিন্নভাবে নির্ধারণ করে। এ সম্পর্কিত হিসাব যে দু'টি আয় ব্যয় প্রতিবেদনে দেখানো হয় তা অনেকটা দুর্বোধ্য ও এর স্বচ্ছতা প্রশ্নসাপেক্ষ।
বিইআরসি তার সিদ্ধান্তে বলেছে প্রকৃত ক্রয়মূল্য ও সংশ্লিষ্ট খরচ বিবেচনায় এনে গ্যাসের প্রকৃত গড় মূল্য নির্ণয় করা এবং সে মূল্যেই বিতরণ কোম্পানিগুলোর কাছে বিক্রি করা প্রয়োজন। এতে সার্ভিস চার্জ ও পিডিএফ মার্জিন প্রথা রহিত হবে। পেট্রোবাংলার নিজস্ব কোনও ঘাটতি থাকবে না।
কমিশন এ জন্য একটি গড় গ্যাস মূল্য নিধারণ ও সঠিকভাবে তা হিসাবে যুক্ত করে হিসাব প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছে। এটি আগামী বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।
এ বছরের ২৩ জুন পেট্রোবাংলা গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব করে। এতে বিদ্যুৎ ও সার উৎপাদনে প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম ৭৩ দশমিক ৯১ ও ৬৩ দশমিক ৫৯ থেকে ৯৩ দশমিক ৭৩, ক্যাপটিভ পাওয়ার ও ক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্র, শিল্প উৎপাদন ও চা বাগানের জন্য ১০৫ দশমিক ৫৯, ১৪৮ দশমিক ১৩৪ থেকে১৮২ দশমিক ২৫ টাকা করার প্রস্তাব করা হয়।
এছাড়া বাণিজ্যিক ও গৃহস্থালী ব্যবহারের জন্য প্রতি হাজার ঘনফুট গ্যাস ২৩৩ দশমিক ১২ টাকা থেকে ২৯১ দশমিক ৫৯ টাকা এবং ১৩০ টাকা থেকে ২০৮ দশমিক ২৮ টাকা, গৃহস্থালীতে ব্যবহৃত এক চুলার জন্য ৩৫০ টাকা থেকে ৫৫০ টাকা এবং দু' চুলার জন্য ৪০০ টাকা থেকে ৬০০ টাকা করার প্রস্তাব করা হয়।
২০০৫ সালের ১ জানুয়ারি সর্বশেষ গ্যাসের দাম বাড়ানো হয়। এর পর পেট্রোবাংলা পাঁচ বার গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিলেও তা বিবেচনা করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৯৪৬ঘ.
bdnews24