২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় শরবত পান করে একই পরিবারের তিনজনের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে রোববার শরবত পান করে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা মিছরি বিষাক্ত ছিল অথবা কেউ শরবতে বিষ মিশিয়েছে। নিহতরা হলেন- সালেহা খাতুন (৫০) ও তার নাতি রাজীব (৬) ও সজীব (৩)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 12:30 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

কুষ্টিয়া, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে রোববার শরবত পান করে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা মিছরি বিষাক্ত ছিল অথবা কেউ শরবতে বিষ মিশিয়েছে। নিহতরা হলেন- সালেহা খাতুন (৫০) ও তার নাতি রাজীব (৬) ও সজীব (৩)। রাজীব ও সজীবের মা রোজিনা খাতুন (২৭) শরবত পান করে অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সালেহা খাতুনের মেয়ে জামাই উপজেলার দহকুল গ্রামের ইব্রাহিম এবং কৃষ্ণপুর বাজারে মুদি দোকানি আওলাদকে গ্রেপ্তার করেছে। তাদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, কৃষ্ণপুর গ্রামের আকবর আলী শেখের জামাই ইব্রাহিম হোসেন (৩০) শনিবার রাতে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। আসার পথে কৃষ্ণপুর বাজার থেকে তিনি এক প্যাকেট মিছরি কিনে আনেন। ইব্রাহিম স্ত্রী রোজিনাকে মিছরিগুলো পানিতে ভিজিয়ে রাখতে বলেন। সে অনুযায়ী রোজিনা মিছরিগুলো পানিতে ভিজিয়ে রাখেন। সকাল ৭টার সময় রোজিনা সেই শরবত নিজে পান করেন এবং ছেলে রাজীব, সজীব ও মা সালেহাকেও দেন। শরবত পান করার ১০ মিনিটের মধ্যে রাজীব ও সজীব মারা যায়। আর রোজিনা ও তার মা সালেহা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে সালেহা মারা যান। সকালে ইব্রাহিম তার নিজের বাড়িতে চলে যায়। তবে দুপুরে পুলিশ তাকে দহকুলা গ্রামের নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে। এছাড়া কৃষ্ণপুর বাজারের মুদি দোকানি আওলাদকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৮১৯ ঘ.