ঝিনাইদহ, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি হত্যা মামালায় দুজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) রোকেয়া বেগম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইমদাদুল মোল্ল্যা ও তোয়াজ ফকিরের ছেলে শহিদ। এরা দুজনই একটি চরমপন্থী দলের ক্যাডার বলে মামলা সংক্রান্ত নথি থেকে জানা গেছে। বর্তমানে তারা পলাতক রয়েছেন।
২০০০ সালের ৭ আগস্ট রাতে শৈলকুপা উপজেলার শেকরা গ্রামের বাহারুল ইসলাম ওরফে বাকা চুন্নুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে অভিযুক্তরা।
এ ঘটনায় চুন্নুর ভাই সিদ্দিক হোসেন শৈলকুপা থানায় একটি মামলা করেন। আদালত ১০ জনের সাক্ষ্য নেওয়ার পর এ রায় দিল।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট তুষার কান্তি রায়। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আ ন ম আনোয়ার উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৬ ঘ.
bdnews24