২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহীউদ্দীন খান আলমগীর

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর চাঁদপুর-১ (কচুয়া ও মতলব আংশিক) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2008, 03:14 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

চাঁদপুর, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর চাঁদপুর-১ (কচুয়া ও মতলব আংশিক) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে মীর ইকবালকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তবে মহীউদ্দীন দাবি করেছেন, দলের মনোনয়ন না পেলেও তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবেই মনোনয়নপত্র দাখিল করেছেন। শনিবার দুপুরে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আ ক ম শাহীদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। দলের মনোয়ন না পেয়েও মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মহীউদ্দীন খান আলমগীর বলেন, "আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার চিঠি পেয়ে যিনি দলের মনোনয়ন পেয়েছেন তিনিই আওয়ামী লীগের প্রার্থী। তবে সেটি নির্ধারণ হবে মনোনয়নপত্র বাছাইয়ের পর।" সাজা হওয়ায় নির্বাচন করতে পারবেন কিনা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "আদালত আমাকে যে দণ্ড দিয়েছে তা জরুরি বিধির আওতায় পড়েনি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়েছে।" এ সময় মহীউদ্দীন খান আলমগীরের সঙ্গে উপস্থিত ছিলেন তার ভাই ড. বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি গনেশ কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম প্রমুখ। একটি দুর্নীতি মামলায় গত ২৬ জুলাই মহীউদ্দীন খান আলমগীরের ১৩ বছরের কারাদণ্ড হয়। এর মধ্যে অবৈধভাবে অর্থোপার্জনের জন্য ১০ বছর এবং তথ্য গোপনের জন্য তিন বছর কারাদণ্ড ভোগ করতে হবে। এখন তিনি জামিনে মুক্ত আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৭ ঘ.