২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা আসছে রোববার

দাম বাড়িয়ে গ্যাসের নতুন মূল্য রোববার ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিইআরসির চেয়ারম্যান গোলাম রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, "কমিশনের রোববার বৈঠকে দাম চূড়ান্ত করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2008, 02:58 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাম বাড়িয়ে গ্যাসের নতুন মূল্য রোববার ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিইআরসির চেয়ারম্যান গোলাম রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, "কমিশনের রোববার বৈঠকে দাম চূড়ান্ত করা হবে। নতুন দাম কবে থেকে কার্যকর হবে সেটিও আমরা সেখানে ঠিক করব।" বিইআরসির কর্মকর্তারা জানান, গ্যাসের দাম এখনকার চেয়ে ১০ থেকে ১৫ শতাংশ বাড়ানো হতে পারে। রোববার সকালে কমিশনের বৈঠকে দাম চূড়ান্ত হওয়ার পর সংবাদ সম্মেলন করে তা ঘোষণা করা হবে। বর্তমানে আবাসিক গ্রাহকদের কাছ থেকে এক চুলার জন্য ৩৫০ টাকা এবং দুটি চুলার জন্য চারশ টাকা করে বিল আদায় করা হচ্ছে। এছাড়া, মিটারভিত্তিক বিল প্রতি ইউনিটের জন্য ১৩৩ টাকা। বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে প্রতি ইউনিট গ্যাসের দাম ৭৬ দশমিক ৯১ টাকা, সার কারখানার জন্য এই দাম ৬৩ দশমিক ৪৮ টাকা, শিল্প কারখানার জন্য ১৪৮ দশমিক ১৩ টাকা, ক্যাপটিভ পাওয়ারের জন্য ১০৫ দশমিক ৫৯ টাকা এবং বাণিজ্যিক ব্যবহারের জন্য ২৩৩ দশমিক ১২ টাকা হারে বিল আদায় করা হচ্ছে। বিইআরসি জানিয়েছে, পেট্রোবাংলা গ্যাসের দাম বাড়ানোর জন্য এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে প্রস্তাব পাঠালে কমিশন ৬৫ শতাংশ বাড়াতে বলেছিল। এর ভিত্তিতে পরে কমিশন গণশুনানি করে। সেখান থেকে পাওয়া মতামত এবং কমিশনের নিজস্ব মতামতের ভিত্তিতে দাম নির্ধারণ করা হচ্ছে। গ্যাসের দাম বাড়নো ছাড়াও খুচরা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নিচ্ছে বিইআরসি। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ও ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রস্তাবের ভিত্তিতে উদ্যোগটি নেওয়া হচ্ছে। তবে বিইআরসির চেয়ারম্যান বলেছেন, "বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে কমপক্ষে তিনমাস সময় লাগবে।" এর আগে সেপ্টেম্বর মাসে পাইকারি গ্রাহকদের বিদ্যুতের দাম বাড়ানো হয়। ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক আতাউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ডেসার দায়িত্ব নেওয়ার সময় সিস্টেম লস ছিল ২৫ শতাংশ। এর পর পাইকারি ক্রেতা হিসেবে আমাদের নেওয়া বিদ্যুতের দাম ১৬ শতাংশ বাড়ানো হয়েছে। এতে লোকসান আরো বেড়েছে। এ অবস্থায় খুচরা পর্যায়ে দাম না বাড়িয়ে উপায় নেই।" খুচরা পর্যায়ে ১৪ দশমিক ৭ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/২০৪৮ ঘ.