নোয়াখালী, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালী-১ (সোনাইমুড়ি-চাটখিল) আসনে ব্যারিস্টার এ কে এম মাহবুব উদ্দিন খোকনকে দলীয় মনোনয়ন দেওয়ার প্রতিবাদে শনিবার চাটখিল বিএনপির একাংশের নেতা-কর্মীরা বিক্ষোভ ভাঙচুর ও গাড়িতে আগুন দিয়েছে।
বিকেলে ব্যারিস্টার খোকনকে চাটখিল সদরে যাওয়ার চেষ্টা করলে উপজেলার কাচারী বাজার এলাকায় তার গতিরোধ করে বিক্ষুব্ধরা এ ঘটনা ঘটায়।
এ সময় খোকনের সমর্থক ও বিক্ষুদ্ধদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। উভয় গ্র"পই ইটপাটকেল নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চার পুলিশ এবং উভয় পক্ষের অন্তত ২০ নেতা-কর্মী আহত হন। গুরুতর আহতদের চাটখিল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ এবং দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে। ঘটনাস্থলকে থেকে আটক করা হয়েছে ছয়জনকে। এদের পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় সোনাইমুড়ি-চাটখিল-রামগঞ্জ সড়কে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যারিস্টার খোকন সোনাইমুড়ি থেকে চাটখিল উপজেলা সদরে যাওয়ার পথে বিকেল ৫টার দিকে তাকে দলীয় মনোনয়ন দেওয়া নিয়ে স্থানীয় বিএনপির একটি অংশের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা কাচারী বাজার এলাকায় তার গতিরোধ করে। তারা খোকনকে চাটখিল সদরে ঢুকতে বাধা দেয়।
খোকন গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে চাটখিল সদরে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধরা আবার তাকে বাধা দেয়। এ সময় খোকনের সমর্থকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। দুপক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে খোকনের মনোনয়নের বিরোধীতাকারীরা একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। এছাড়া তারা আরও চারটি মাইক্রোবাস ও একটি ট্রাক ভাঙচুর করে।
ওসি জানান, দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে তিনি নিজে এবং উপপরিদর্শক ইয়াসিন ফারুক, সুধীর ও কনস্টেবল জামাল আহত হয়েছেন। অপরদিকে দুপক্ষের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে তিনি জানান।
তিনি আরও জানান, বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার হাসানুজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ লাঠিচার্জ ও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
এ ব্যাপারে ব্যারিস্টার খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নেতা-কর্মীদের নিয়ে চাটখিলের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে তিনি চাটখিল সদরে যাওয়ার সময় আওয়ামী লীগের লোকজনকে নিয়ে তাকে বাধা দেয় আমিন আহম্মেদ ভূঞার সমর্থকরা। এ আমিন আহম্মেদ ভূঞা তারেক জিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছিলেন।"
তিনি জানান, তার গাড়ির কোন ক্ষতি হয়নি।
চাটখিল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রশিদ চৌধুরী জানান, আহতদের মধ্যে স্থানীয় যুবদল নেতা সাইফুল ইসলাম, পৌর ছাত্রদল সহ-সভাপতি হাবিবুজ্জামান মাসুদ সেতু, কামরুজ্জামান বাবু ও শরীফকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এর আগে সকালে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে দলীয় মনোনয়ন দেওয়ার প্রতিবাদে চাটখিল উপজেলা সদরে বিএনপি'র একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
দুপুর ১২ টায় চাটখিল উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে তারা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে অবাঞ্চিত ঘোষণা করে এবং এ আসনে জেলা বিএনপি'র সদস্য আমিন আহম্মেদ ভূঞাকে মনোনয়ন দেওয়ার দাবি জানায়।
সমাবেশে বিএনপি নেতারা আমিন আহম্মেদকে মনোনয়ন না দিলে গণ পদত্যাগের হুমকি দেন।
সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বজলুর রশিদ চৌধুরী, সহ-সভাপতি আবদুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন বেনু, বিএনপি নেতা দেওয়ান সামছুল আরেফিন শামীম, রফিক উল্যাহ খোকন, যুবদলের সভাপতি মো. আলাউদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আহছানুল হক মাসুদ, পৌর বিএনপি'র সভাপতি চাটখিল পৌর সভার মেয়র মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক মাসুদ রানা শান্ত, কলেজ ছাত্রদলের সভাপতি মো. শরীফ হোসেন, সাধারণ সম্পাদক আবু ইউসুফ রাজু।
এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মাহবুবুর রহমান। এছাড়া গত বছর ২২ জানুয়ারি বাতিল হওয়া নির্বাচনে এ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া আমিন আহম্মেদ ভূঞা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৪ ঘ.
bdnews24