২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিকা দিবসে ২ কোটি শিশুকে পোলিও টিকা খাওয়ানোর লক্ষ্য

দেশের ২ কোটি ৪০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানোর লক্ষ্য নিয়ে শনিবার ১৭তম জাতীয় টিকা দিবসের প্রথম রাউন্ড পালিত হবে। শুক্রবার রাজধানীর মহাখালীর সাম্প্র্রসারিত টিকাদান কর্মসূচি ভবনে টিকা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা এএমএম শওকত আলী একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2008, 08:36 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ২ কোটি ৪০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানোর লক্ষ্য নিয়ে শনিবার ১৭তম জাতীয় টিকা দিবসের প্রথম রাউন্ড পালিত হবে। শুক্রবার রাজধানীর মহাখালীর সাম্প্র্রসারিত টিকাদান কর্মসূচি ভবনে টিকা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা এএমএম শওকত আলী একথা জানান। তিনি বলেন, "শনিবার ও আগামী ৩ জানুয়ারি দুই রাউন্ডে অনুষ্ঠেয় এ কর্মসূচিতে শূন্য থেকে পাঁচ বছরের শিশুদের পোলিও টিকা, এক থেকে পাঁচ বছরের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল এবং দুই থেকে পাঁচ বছরের শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।" প্রায় ছয় লাখ স্বেচ্ছাসেবী দেশের ১ লাখ ৪০ হাজার কেন্দ্রে টিকা খাওয়াবে। এর মধ্যে সরকারিভাবে ১ লাখ ২০ হাজার এবং বেসরকারি বা স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ২০ হাজার কেন্দ্র পরিচালনা হবে বলে জানিয়েছেন শওকত আলী। একটি শিশুও যেন পোলিও টিকা খাওয়া থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করতে প্রতি রাউন্ডের পর ক্রমাগত চারদিন বাদপড়া শিশুদের অনুসন্ধান কার্যক্রম চালানো হবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, "প্রতিবেশী দেশ ভারত পোলিও মুক্ত না হওয়ায় আমরাও পোলিও মুক্ত হতে পারছি না। এছাড়া প্রতি বছর ২০ লাখ নতুন শিশু জন্মগ্রহণ করছে। তাই বাংলাদেশকে পোলিও মুক্ত করতে টিকাদান কর্মসূচি অব্যাহত রাখতে হবে।" বাংলাদেশকে পোলিও মুক্ত করতে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য অবকাঠামো বাড়ানোর ওপর গুরুত্ব আরোপও করেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০০২ সালের পর কোথাও পোলিও রোগী না পাওয়ায় ওই সময় বাংলাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করা হয়। কিন্তু ২০০৬ সালের আগষ্ট ও নভেম্বর মাসে ১৮ জন পোলিও রোগী সনাক্ত করা হয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, বিশ্বের সবচেয়ে বেশি পোলিও রোগী হচ্ছে নাইজেরিয়ায়। এরপরের অবস্থান ভারত। সেখানে বর্তমানে পোলিও রোগীর সংখ্যা ৫০৯ জন। মহাখারীতে টিকা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব এ এম এম নাসির উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এস এম ফায়েজ, বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধি এবং চিকিৎসকরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফ/এমআই/১৪২০ ঘ.