২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইয়ের অভিযোগে দুই র‌্যাব সদস্য কারাগারে

দুই লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার দুই র‌্যাব সদস্যকে বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 04:58 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার দুই র‌্যাব সদস্যকে বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছে আদালত। রাজধানীর পল্টনের একটি মানি এক্সচেঞ্জ থেকে বিদেশি মুদ্রা ছিনিয়ে নেওয়ার অভিযোগে বুধবার রাতে র‌্যাবের উপ-সহকারী পরিচালক (ডিএডি) কামাল হোসেন ও সার্জেন্ট ফারুক হোসেনকে গ্রেপ্তার করে সবুজবাগ থানা পুলিশ। পল্টন থানার উপ পরিদর্শক সরদার ইউনুস আলী বৃহস্পতিবার বিকেলে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠান। দুই র‌্যাব সদস্যের পক্ষে জামিন চাওয়া হলে মহানগর দ্রুত বিচার হাকিম মো. শাহাদাত হোসেন তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার এজাহারে বলা হয়, পল্টনের ব্যবসায়ী মো. রইস মিয়া বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদেশি মুদ্রা কেনার জন্য পল্টন এলাকার লিগ্যাল মানি এক্সচেঞ্জে যান। ওই এক্সচেঞ্জের মালিক আলী ইমামকে সঙ্গে নিয়ে ফেরার সময় লিটন জুয়েল স্কুলের সামনে একটি মাইক্রোবাস তাদের পথরোধ করে। রইস মিয়ার অভিযোগ, মাইক্রোবাস থেকে আনুমানিক ৭ জন লোক নেমে তাকে জোর করে গাড়িতে ওঠায়। আগুন্তকদের দুজনের গায়ে 'র‌্যাব' লেখা জ্যাকেট ছিল। গাড়িতে ওঠানোর পর তারা র‌্যাব সদস্য হিসেবে পরিচয় দেয় এবং রইসের মুখ বেঁধে ফেলে। পরে তার সঙ্গে থাকা বিদেশি মুদ্রা ছিনিয়ে নিয়ে তাকে খিলগাঁও ফ্লাইওভারের কাছে ছেড়ে দেওয়া হয় বলে এজাহারে করেন রইস। এ সময় রইসের চিৎকারে আশেপাশের লোকজন ফারুক ও কামালকে ধরে ফেলে এবং তাদের কাছ থেকে ১২৪৬ ডলার, ২৪০০ রিয়াল ও ৫৪৩৯ টাকা উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২২৫০ ঘ.