২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তজুড়ে বিডিআরের সতর্কাবস্থা

ভারতের মুম্বাইয়ে গত বুধবার রাতে বোমা হামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সাতক্ষীরা সীমান্তে সতর্কাবস্থা জারি করেছে বাংলাদেশ রাইফেলস- বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 03:38 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

সাতক্ষীরা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের মুম্বাইয়ে গত বুধবার রাতে বোমা হামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সাতক্ষীরা সীমান্তে সতর্কাবস্থা জারি করেছে বাংলাদেশ রাইফেলস- বিডিআর। এর পাশাপাশি পুলিশকেও সতর্কাবস্থায় থাকার জন্য বলা হয়েছে। ৪১ রাইফেলস ব্যাটেলিয়ন ও ৭ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল শামস্ ও মেজর আলমগীর দেওয়ান জানান, সাতক্ষীরা সীমান্তে ২২০ কিলোমিটার জুড়ে বিডিআর সদস্যরা সতর্ক রয়েছে। অবৈধ অনুপ্রবেশ বন্ধে জোরদার করা হয়েছে টহল। এছাড়া সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে চলাচল না করতে লোকজনকে সতর্ক করা হয়েছে। বিডিআর কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার বিএসএফ এর সঙ্গে তাদের একাধিক পতাকা বৈঠক হয়েছে। এতে উভয়পক্ষ সতর্ক অবস্থায় থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। তারা জানান, পাসপোর্টধারী যাতায়াতকারী বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের ভোমরা এবং ভারতের ঘোজাডাঙ্গা চেকপোস্টে অতিরিক্ত জিজ্ঞাসাবাদ ছাড়াও লাগেজ তল্লাশির ক্ষেত্রে আরও বেশি সতর্কতা গ্রহণ করা হয়। সাতক্ষীরার পুলিশ সুপার আবু সুফিয়ান জানান, বিভিন্ন থানাকে সতর্ক থাকার জন্য তিনি মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৮ ঘ.