ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মুম্বাইয়ে বুধবার রাতে সন্ত্রাসী হামলায় শতাধিক ব্যক্তি নিহত হওয়ার পর দেশের সব আন্তর্জাতিক মানের হোটেল, কূটনীতিকপাড়া এবং সব গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ সতকর্তামূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে সরকার।
তবে, স্বরাষ্ট্র সচিব আবদুল করিম সোমবার বলেছেন, বাংলাদেশে এমন কোনো হামলার আশঙ্কা সরকার করছে না। সতর্কতা হিসেবেই নিরাপত্তা জোরদার করার কথা বলা হয়েছে।
এর অংশ হিসেবে র্যাব, পুলিশ, বিডিআরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ সতর্ক থাকতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মুম্বাইয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিবের সভাপতিত্বে একটি বৈঠক হয়। পুলিশ মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, ডিএমপির কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রায় এক ঘণ্টার এই বৈঠকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়।
সভা শেষে সচিব আবদুল করিম এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলেন, "প্রতিবেশী দেশে যা ঘটেছে তা মর্মান্তিক। তবে বাংলাদেশে এ নিয়ে আতঙ্কের কিছু নেই। জঙ্গি তৎপরতা রোধে সরকার সতর্ক রয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসী আক্রমণ থেকে দেশকে রক্ষায় সরকার ইতোমধ্যে একটি সমন্বিত পরিকল্পনা হাতে নিয়েছে।"
এরপরও নিরাপত্তা জোরদার করার কারণ ব্যখ্যা করে তিনি বলেন, "পাশ্ববর্তী কোনো দেশে সন্ত্রাসী হামলা হলে আমরা সবসময়ই সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে থাকি। এ ব্যাপারে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট।"
সচিব জানান, রাজধানীসহ সারাদেশে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় বিডিআরসহ সংশি
bdnews24