ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন মো.আব্দুল আজিজ। তিনি দেশের ১৯ তম মন্ত্রিপরিষদ সচিব।
বৃহস্পতিবার বিকালে বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি।
দুপুরে সংস্থাপন মন্ত্রণালয় আব্দুল আজিজকে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ দেওয়া সংক্রান্ত এক আদেশ জারি করে।
আলী ইমাম মজুমদারের চাকরির মেয়াদ শুক্রবার শেষ হবে। ওইদিন সাপ্তাহিক ছুটি থাকায় তিনি বৃহস্পতিবার বিকেলেই আব্দুল আজিজকে এ দায়িত্ব বুঝিয়ে দেন। এর আগে সকাল বেলায় আলী ইমাম মজুমদার আনুষ্ঠানিকভাবে সহকর্মীদের কাছে থেকে বিদায় নেন।
বিসিএস (প্রশাসন) ক্যাডারে প্রথম হওয়া ১৯৭৯ ব্যাচের কর্মকর্তা মো. আব্দুল আজিজ মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ পাওয়ার আগে কৃষি মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এর আগে তিনি পানি সম্পদ ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য পদের দায়িত্ব পালন করেন।
২০০৫ সালের ২৮ জুলাই আব্দুল আজিজ সচিব পদে পদোন্নতি পান। অবশ্য সচিব পদে পদোন্নতি পাওয়ার প্রায় ছয় মাস আগ থেকেই তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন। ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর তিনি চাকরি থেকে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যাবেন।
ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকার ২০০৬ সালের ৬ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব পদে আলী ইমাম মজুমদারকে নিয়োগ দেয়। গত বছরের নভেম্বরে আলী ইমাম মজুমদারের নিয়মিত চাকরির মেয়াদ শেষ হলে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার চুক্তিতে তাকে আবার এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ দেয়।
মন্ত্রিপরিষদ সচিব পদের পাশাপাশি আলী ইমাম মজুমদার অতিরিক্ত দায়িত্ব হিসেবে মূখ্য সচিবের দায়িত্ব পালন করেছেন। আলী ইমাম মজুমদারের বিদায়ের সঙ্গে সঙ্গে মূখ্য সচিবের পদটিও খালি হয়েছে। তবে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এ পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
রেওয়াজ অনুযায়ী, নিয়মিত চাকুরীরত প্রশাসন ক্যাডারের জ্যেষ্ঠতম সচিবকে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ দেওয়া হয়ে থাকে। ২০০২ সালের এপ্রিল মাসে জোট সরকার তৎকালীন জ্যেষ্ঠ সচিব ড. সা'দত হুসাইনকে নিয়োগ না দিয়ে চুক্তিভিত্তিক নিয়োজিত মূখ্য সচিব ডঃ কামাল উদ্দিন সিদ্দিকীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দেয়। এনিয়ে প্রশাসনে চাপা ক্ষোভ ও অসন্তোষের খবর বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ হয়। এঘটনার প্রায় এক মাস পরই মন্ত্রিপরিষদ সচিবের পদ থেকে কামাল সিদ্দিকীকে প্রত্যাহার করে নিয়োগ দেওয়া হয় ড. সা'দত হুসাইনকে।
স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব ছিলেন এইচ টি ইমাম। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকার ১৯৭১ সালের ১৬ জুলাই তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
প্রশাসনের সর্বোচ্চ পদটিতে দীর্ঘতম সময় দায়িত্ব পালন করেছেন এম কেরামত আলী। ১৯৭৭ সালের ১৫ জুলাই থেকে ১৯৮২ সালের ১৪ এপ্রিল পর্যন্ত অর্থাৎ ৪ বছর ৯ মাস তিনি এ পদে ছিলেন।
সবচেয়ে কম সময় দায়িত্ব পালন করেছেন ডঃ কামাল উদ্দিন সিদ্দিকী। এ পদে তার চাকরির মেয়াদ ছিল ২০০২ সালের ২ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত।
অন্যান্য যারা মন্ত্রিপরিষদ সচিব ছিলেন তারা হলেন, শফিউল আলম , আব্দুল মোমেন খাঁন , মোঃ মাহবুবউজ্জামান , মোঃ মুজিবুল হক, এম কে আনোয়ার , মোহাম্মদ সিদ্দিকুর রাহমান , মোঃ আইয়ুবুর রহমান , সৈয়দ আহমেদ , আতাউল হক , কাজী শামসুল আলম , ডঃ আকবর আলি খান , ডঃ সা'দত হুসাইন , এ এস এম আব্দুল হালিম ও মোঃ আবু সোলায়মান চেীধুরী।
প্রশাসনের শীর্ষপদ মন্ত্রিপরিষদ সচিব পদমর্যাদাক্রম তালিকা (ওযারেন্ট অব প্রিসিডেন্স) অনুযায়ী দ্বাদশতম সরকারি পদ। সরকারের অন্যান্য সচিব (মূখ্য সচিব ছাড়া) পদের চেয়ে চার ধাপ এবং জাতীয় সংসদের সদস্যদের চেয়ে এক ধাপ উপরে এপদের স্থান। মন্ত্রিপরিষদ সচিব পদের সঙ্গে একই পদমর্যাদায় রয়েছে তিন বাহিনীর প্রধান ও মূখ্য সচিবের পদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এডি/এমকে/জিএনএ/১৭৪৬ ঘ.
bdnews24