ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বিশ বছরে এশিয়ায় প্রায় ৯০ লাখ মানুষ এইডস বা এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর এ রোগে মারা গেছে প্রায় ৩৯ লাখ মানুষ; যার মধ্যে ২৬ লাখ পুরুষ, সাড়ে ৯ লাখ মহিলা ও ৩ লাখ ৩০ হাজার শিশু।
বেসরকারি সংস্থা এইডস কমিশন এশিয়া প্রকাশিত 'এশিয়ায় এইডসের পুনঃসংজ্ঞায়ন' শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বুধবার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর,বি) সাসাকাওয়া মিলনায়তনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০ বছর আগে এশিয়ায় কারো দেহে প্রথমবারের মতো এইডস এর জীবাণু এইচআইভি'র সংক্রমণ শনাক্ত করা হয়। এরপর থেকে এ অঞ্চলে প্রায় ৯০ লাখ লোক এতে আক্রান্ত হয়েছে।
এইডস কমিশন এশিয়া'র সমীক্ষায় দেখা গেছে, এ অঞ্চলে এইচআইভি ছড়িয়ে পড়ার পেছনে পুরুষদের ভূমিকাই বেশি।
ইউএনএইডস ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 'জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ' আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ। প্রতিবেদনের সারসংক্ষেপ উপস্থাপন করেন ইউএনএইডস এর কর্মকর্তা গীতা শেঠি।
অন্যদের মধ্যে এইডস কমিশন এশিয়ার সদস্য অধ্যাপক মাহমুদা ইসলাম, পপুলেশন কাউন্সিলের বাংলাদেশ প্রতিনিধি উবায়দুর রব, ইউএনএইডস এর বাংলাদেশ সমন্বয়ক ড্যান ওডেলো এবং জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের পরিচালক অধ্যাপক আনোয়ার ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এসকে/২৩১৭ঘ.
bdnews24