ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে টেলিভিশন চ্যানেলগুলোতে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
বুধবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনয়ার্স ইন্সটিটিউটে যুব গণফোরাম আয়োজিত 'অর্থপূর্ণ পরিবর্তনে নতুন প্রজন্ম' শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি তোলেন।
প্রবীণ এ রাজনীতিক ও আইনজ্ঞ বলেন, "বিটিভি কারও পৈতৃক সম্পত্তি নয়, এটা জনগণের সম্পত্তি। তাই এখানে সবার সমান সুযোগ থাকতে হবে। এছাড়া বেসরকারি চ্যানেলগুলোকেও মনিটরিং করতে হবে- যাতে এককভাবে কেউ প্রচারের সুযোগ নিতে না পারে।"
জনগণের উদ্দেশে তিনি বলেন, "আপনারা মিষ্টি কথায় ভুলবেন না। সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করুন। আপনারা ঘরে ঘরে গিয়ে বলুন- আমরা অর্থপূর্ণ পরিবর্তন চাই।"
যুব গণফোরাম নেতা আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শফিকুল হায়দার চৌধুরী, মাহী বি চৌধুরী, নাঈমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমএইচসি/জেকে/এসকে/২১১৭ঘ.
bdnews24