ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সঠিক পথেই এগুচ্ছে বলে অভিমত দিয়েছে জাতিসংঘের নির্বাচন মূল্যায়ন প্রতিনিধি দল।
প্রতিনিধি দলটির প্রধান ফ্রান্সিস ভেনদ্রেল বুধবার পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে সাক্ষাতের পর এ কথা বলেন।
আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের সাবেক এ দূত বলেন, "বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী। আমরা মনে করছি নির্বাচনী পরিবেশ ভালো ও ইতিবাচক।"
জাতিসংঘ জরুরি অবস্থা মুক্ত পরিবেশে নির্বাচন চায় মন্তব্য করে ভেনদ্রেল আরও বলেন, "জাতিসংঘ জরুরি অবস্থামুক্ত পরিবেশে নির্বাচন চায়। তবে তা এ কারণে নয় যে, বাংলাদেশে জরুরি অবস্থা কঠোরভাবে বিরাজ করছে। যেহেতু জরুরি অবস্থামুক্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি উঠেছে সেজন্যই আমরা এ কথা বলছি এবং এ ব্যাপারে আমরা আশাবাদী।"
তিনি বলেন, "সবকিছুই ঠিকঠাক এগুচ্ছে; তবে সবচেয়ে ভালো হবে যদি জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়।"
সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন ভেনদ্রেল।
জরুরি অবস্থার মধ্যে নির্বাচন করা হবে না জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী তাকে বলেন, "নির্বাচনের আগেই জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে।"
গত ২৩ নভেম্বর জাতিসংঘের এই নির্বাচন মূল্যায়ন প্রতিনিধি দল বাংলাদেশে আসে। এরইমধ্যেই দলটি সরকার, নির্বাচন কমিশন ও প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে।
বাংলাদেশে ২৯ ডিসেম্বরের নির্বাচনী প্রস্তুতির বিষয় ও সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি হয়েছে কিনা তা খতিয়ে দেখবে দলটি। তারা ফিরে গিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দেবেন। ওই প্রতিবেদনের ভিত্তিতেই জাতিসংঘ পর্যবেক্ষক দল পাঠাবে।
স
bdnews24