জয়পুরহাট, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাটের হিলি সীমান্ত এলাকা থেকে সোমবার গভীর রাতে দুই হুন্ডি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব ও বিডিআর। একই সঙ্গে এলাকার একটি চালের আড়তে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ভারতীয় রুপি এবং প্রায় ৩২ লাখ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া পাঁচবিবি উপজেলার নাকুড়গাড়ি এলাকায় ৭৩৫ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার আটক এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
হিলি এলাকায় গ্রেপ্তারকৃতরা হলেন- জয়পুর শহরের সদর রাস্তা মহল্লার মৃত রামলালের ছেলে হুন্ডি ব্যবসায়ী হিসেবে পরিচিত অনিল কুমার আগারওয়াল (৩৫) এবং তার সহযোগী সদর উপজেলার জগদীশপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে শহিদুল ইসলাম (৪৫)।
মঙ্গলবার র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর শাহ আলী জানান, গত (সোমবার) রাতে হিলি স্থল বন্দর এলাকায় সাখাওয়াত হোসেনের চালের আড়তে অভিযান চালিয়ে দুটি কাপড়ের ব্যাগ থাকা ৫০ হাজার ভারতীয় রুপি ও ৩১ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত অনিল ও তার সহযোগী শহিদুলকে।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে অনিল হুন্ডির মাধ্যমে ভারতে টাকা পাচারের কথা স্বীকার করেছেন।
অনিল ওরফে মুন্নাকে এর আগে গত ৪ সেপ্টেম্বর ২৮ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়েছিল। তবে এক মাস পর তিনি জামিনে মুক্তি পান বলে জানিয়েছেন পাঁচবিবি থানার কর্তব্যরত উপ-পরিদর্শক রওশন আলী।
অপরদিকে পাঁচবিবি উপজেলার নাকুড়গাছি এলাকায় সাদা রঙের একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো ক-০৩-৭৭০১) তল্লাশি চালিয়ে ৭২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা মেজর শাহ আলী।
তিনি জানান, গাড়ি চালক নজরুল ইসলাম এবং গাড়িতে থাকা মাসুদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। নজরুল মাদারীপুর জেলার কালকিনি উপজেলার হাবিবুর রহমানের এবং মাসুদ নোয়াখালীর সেনবাগ উপজেলার আক্কাস আলীর ছেলে। আটককৃতরা র্যাব হেফাজতে রয়েছে। এদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৩ ঘ.
bdnews24