২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় ঠাকুরগাঁও ও ঝিনাইদহে চারজনের মৃত্যুদণ্ড

ঠাকুরগাঁও পৌর এলাকায় আলোচিত তিন খুনের মামলায় সোমবার তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠাকুরগাঁও পৌর এলাকায় আলোচিত তিন খুনের মামলায় সোমবার তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মো. জোসন আলী এ রায় দেন। ঝিনাইদহের মহেশপুর উপজেলায় স্ত্রী হত্যার দায়ে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মো. মফিজুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, দণ্ডিতরা হলেন পৌর এলাকার নিশ্চিন্তপুর পশ্চিম পাড়া মহল্লার ইউনুস আলী, তার ছোট ভাই রাজু ইসলাম ও বন্ধু রাজু হোসেন। একইসঙ্গে আদালত ইউনুসকে ৫০ হাজার এবং রাজু ইসলাম ও রাজু হোসেনকে ২৫ হাজার টাকা করে জরিমানা করেছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাদেকুল ইসলাম, আব্দুল রাজ্জাক, মোস্তফা, ইন্তাজুল হক, নজরুল ইসলাম ও সিরাজুল ইসলাম নামের ছয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ২০০৪ সালের ৫ ফেব্র"য়ারি মহল্লার দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বিডিআর সদস্য আলমগীর, সুজন ও নুরনবী ওরফে নবীন নামের তিন ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে অভিযুক্তরা। এ ঘটনায় আলমগীরের স্ত্রী রোকসানা বেগম ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ঝিনাইদহ প্রতিনিধি জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- মহেশপুর উপজেলার পুরন্দরপুর গ্রামের বাবলুর রহমান। মামলার অপর নয় আসামি বেকসুর খালাস দেওয়া হয়েছে। ২০০৬ সালের ২ জুলাই রাতে বাবলুর রহমান তার স্ত্রী ডলি খাতুনকে হত্যার পর লাশ বাড়ির পাশের পুকুরে ফেলে দেন। পরে তিনি প্রচার করেন- ভোরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে তার স্ত্রী। এ ঘটনায় ডলির বাবা মহেশপুর থানায় ১০জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ সরকারি কৌসুলি (স্পেশাল পিপি) আবু তালেব এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আ ন ম আনোয়ার উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৫ ঘ.