ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুইজন সাবেক সাংসদসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
সোমবার কমিশন কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকদের বলেন, "সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার অনুমোদন দিয়েছে কমিশন। এছাড়া বিটিসিএল এর (সাবেক বিটিটিবি) ভাণ্ডার ও এর কারখানায় আগের বছরগুলোতে বড় দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে।"
এছাড়া ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার হওয়া ফেনী বিভাগের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সুপারিনটেনডেন্ট গোলামুর রহমান ও পরিদর্শক জিএম শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান তিনি।
যাদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে তারা হলেন, নেত্রকোনার সাবেক সাংসদ ডা. আব্দুল করিম আব্বাসী ও ডা. মোহাম্মদ আলি, মোহাম্মদ আলির স্ত্রী নেত্রকোনা মহিলা কলেজের অধ্যক্ষ রাবেয়া আলি, সোনালী ব্যাংকের ফরিদপুর ভাঙ্গা শাখার সাবেক ব্যবস্থাপক গুলজার হোসেন, গোপালগঞ্জের সহকারি ভূমি কর্মকর্তা মো. আনিছুর রহমান, বিআইডব্লিউটিএ'র সাবেক চেয়ারম্যান রিয়াজ হাসান খন্দকার ও তিতাস গ্যাসের উপ-ব্যবস্থাপক (সাময়িক বরখাস্তকৃত) এস এম হাফিজুর রহমান।
কর্নেল হানিফ ইকবাল জানান, বিটিসিএল এর (সাবেক বিটিটিবি) ভাণ্ডার ও কারখানায় বার্ষিক ব্যয় নিয়ে বড় দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে।
তিনি জানান, ২০০১ সাল থেকে কারখানার উৎপাদন বন্ধ থাকলেও ব্যয় কমেনি। বিশেষ করে যাতায়াত ভাতা, রক্ষণাবেক্ষণ ব্যয়সহ বিভিন্ন দ্রব্য ক্রয়ে অস্বাভাবিক ব্যয় দেখানো হয়েছে। বিশেষ তদন্ত দল এ ব্যাপারে অনুসন্ধান চালিয়ে দুর্নীতির প্রমাণ পেয়েছে।
হানিফ ইকবাল আরো জানান, শুল্ক বিভাগের কর্মকর্তা গোলামুর রহমান ও জি এম শাহজাহানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে গত ২০ নভেম্বর ফেনী মডেল থানায় মামলা হয়। চট্টগ্রামের হাজি মো. সেলিম নামে এক ব্যবসায়ির কাছে তারা ২০ লাখ টাকা ঘুষ চান এবং পরে ৬০ হাজার টাকায় রাজি হন। বিষয়টি দুদক জানতে পেরে টাকা লেনদেনের সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। ওই সময় তাদের কাছ থেকে আরো প্রায় দেড় লাখ টাকা উদ্ধার করা হয়।
সত্য ও জবাবদিহিতা কমিশনে (ট্রুথ কমিশন) এ পর্যন্ত ২৬৮টি মামলা পাঠানো হয়েছে। শেষ মুহূর্তে করা আরো ২৩টি আবেদন পাঠানোর অপেক্ষায় রয়েছে বলে জানান কমিশনের মহাপরিচালক।
গত ২০ নভেম্বর ছিলো ট্রুথ কমিশনে আবেদনের শেষ সময়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিএইচ/এসকে/২০১৬ঘ.
bdnews24