কুমিল্লা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মানরা গ্রামে রোববার সন্ধ্যায় পুলিশের সঙ্গে ডাকাতদলের গোলাগুলিতে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছে দুই ডাকাত।
গুলিবিদ্ধ দুজনসহ পুলিশ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দিন সালেহ আহম্মদ জানান, একদল ডাকাত মানরা গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এ খবর পেয়ে সন্ধ্যে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ডাকাতদের ঘেরাও করে।
এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয়পক্ষ অন্তত ৩০ রাউন্ড গুলি ছুড়েছে বলে জানিয়েছেন ওসি।
তিনি জানান, গোলাগুলির সময় তিনি ও আরও দুই কনস্টেবল আহত হন। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অপরদিকে গুলিবদ্ধি হয় দুই ডাকাত হোসেন ও রেহান। তাদের গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের বাড়ি বুড়িচং উপজেলায়।
এছাড়া ইউসুফ, আক্তার ও বগি নামে আরও তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বাড়ি ব্রাহ্মণপাড়ার নাগাইশ গ্রামে।
কুমিল্লার পুলিশ সুপার ইসতেয়াক আহম্মদসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে ওসি সামসুদ্দিন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫০ ঘ.
bdnews24