২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুটি পোশাক কারখানা পুড়ে ছাই

নগরীর আসাদগঞ্জ এলাকায় আগুন লেগে একই ভবনে অবস্থিত দুটি পোশাক কারখানা সম্পূর্ণ পুড়ে গেছে। কারখানা দুটির প্রচুর পোশাক ও যন্ত্রপাতি নষ্ট হলেও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে দমকল বাহিনীর কর্মীরা। (আরো তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 02:32 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আসাদগঞ্জ এলাকায় আগুন লেগে একই ভবনে অবস্থিত দুটি পোশাক কারখানা সম্পূর্ণ পুড়ে গেছে। কারখানা দুটির প্রচুর পোশাক ও যন্ত্রপাতি নষ্ট হলেও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে দমকল বাহিনীর কর্মীরা। (আরো তথ্যসহ-২) দমকল কর্মী বিশু দাস রাত পৌনে ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,, দমকল বাহিনীর ১৭টি গাড়ি দুপুরের পর থেকে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। দমকলকর্মী বিশু জানান, বেলা পৌনে ১টার দিকে আসাদগঞ্জ পাইকারী বাজারে অবস্থিত অ্যানজেলিক অ্যাপারেলস ও অ্যাপোলো সুইং অ্যান্ড গার্মেন্টস লিমিটেড নামের দুটি কারখানায় আগুন ধরে। ছয় তলা ভবনের দ্বিতীয়, তৃতীয় ও ষষ্ঠ তলায় অ্যাপোলো সুইং গার্মেন্টসের গুদাম এবং চতুর্থ ও পঞ্চম তলায় অ্যানজেলিক অ্যাপারেলসের কারখানা অবস্থিত। ভবনের নিচতলায় কিছু দোকান রয়েছে। আগুন লাগার সময় গুদামগুলোতে কোনো শ্রমিক ছিল না এবং এনজেলিক কারখানায় দুপুরের খাবার সময় চলায় অধিকাংশ কর্মী বাইরে ছিলেন। ফলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। যে কয়েকজন শ্রমিক ভেতরে ছিলেন তাদের বিকল্প উপায়ে বের করে আনা হয়। অ্যানজেলিক অ্যাপারেলস এর স্বত্ত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন বিকেলে সাংবাদিকদের বলেন, আগুনে তার কারখানার প্রায় সাড়ে চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জাকির হোসেন বলেন, তিনি বেশ কিছু তৈরি পোশাক রপ্তানির জন্য অ্যাপোলোর গুদামে রেখেছিলেন। আগামী দু/একদিনের মধ্যে তা রপ্তানির কথা ছিল। জাকির হোসেন জানান, আগুনের কারণে ভেতরে যাওয়া যাচ্ছে না। এ কারণে ক্ষয়ক্ষতির সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে না। প্রত্যক্ষদর্শী ও দমকল কর্মীরা জানান, বেলা পৌনে ১টার দিকে ভবনটির দ্বিতীয় তলায় দ্রুত আগুন ছড়িয়ে পরে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তা সরু ও ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে স্থানীয় বাসিন্দা ও দমকল বাহিনীর বেগ পেতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/ডিডি/জেকে/০০১০ ঘ.