ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুত কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলা বাতিলে শেখ হাসিনার করা আবেদনের চূড়ান্ত শুনানি আগামী ৭ জানুয়ারি পর্যন্ত পিছিয়েছে হাইকোর্ট। ওই তারিখ পর্যন্ত মামলা দুটিতে তাকে গ্রেপ্তার কিংবা হয়রানি না করার আদেশও দেওয়া হয়েছে।
রোববার বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. রইস উদ্দিনের বেঞ্চ শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এই নিয়ে চতুর্থ দফায় এ মামলা দুটিতে হাসিনাকে গ্রেপ্তার বা হয়রানি না করার মেয়াদ বাড়ানো হল।
ব্যারিস্টার শফিক আহমেদ তার ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে শুনানি পেছানোর আবেদন জানিয়ে বলেন, "সুপ্রিম কোর্ট ডিসেম্বরে ছুটি হচ্ছে। ছুটির আগে নতুন মামলা শুনানি আগে করতে হবে। তাছাড়া মামলা বাতিলের আবেদন দুটি শুনানি করা এখন জরুরি নয়।"
একইসঙ্গে তিনি মামলা দুটিতে হাসিনাকে গ্রেপ্তার বা হয়রানি না করার ইতোপূর্বে হাইকোর্টের দেওয়া আদেশের মেয়াদ বাড়ানোর আবেদন জানান।
সরকার পক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলিরুজ্জামান আদালতে উপস্থিত ছিলেন। তবে তিনি ব্যারিস্টার শফিক আহমেদের আবেদনের বিরোধিতা করেননি।
আদালতের আদেশের পর ব্যারিস্টার শফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্ট মামলা দুটি বাতিলের শেখ হাসিনার আবেদনের শুনানি ৭ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছে। ওই তারিখ পর্যন্ত তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার আদেশ বাড়িয়ে দিয়েছেন আদালত। গত ২৭ অক্টোবর হাইকোর্ট মামলা দুটির কার্যক্রম স্থগিতের মেয়াদ রুলের নিষ্পত্তি না হওয়ার সময় পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল।"
গত ১৩ আগস্ট হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুত কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলার নিম্ন আদালতের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি ভাসমান বিদ্যুত প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত বছরের ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে।
নাইকো মামলাটিও দায়ের করা হয় গত বছরের ৯ ডিসেম্বর, তেজগাঁও থানায়। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলায় শেখ হাসিনাসহ নয় জন আসামি।
মামলায় ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্র নাইকোকে অবৈধ পন্থায় বিনা দরপত্রে দেওয়ায় রাষ্ট্রের ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৩২৬ ঘ.
bdnews24