ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) ও জাতীয় পার্টির ১৮ নেতা শনিবার সন্ধ্যায় বিএনপিতে যোগ দিয়েছেন।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়াকে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।
খালেদা জিয়া নবাগতদের স্বাগত জানিয়ে বিএনপিকে শক্তিশালী করার জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
যোগদানকারীরা হচ্ছেন সাবেক মন্ত্রী তাজুল ইসলাম চৌধুরী, অবসরপ্রাপ্ত কর্নেল এইচ এম গাফ্ফার, কামরুন্নাহার জাফর, ফজলুর রহমান, সাবেক সাংসদ ফকরুল ইমাম, নূর মোহাম্মদ মণ্ডল, সুলতানা জামান চৌধুরী, ফরিদ আহমেদ, অবসরপ্রাপ্ত কর্নেল জিল্লুর, ড. জাহিদ হোসেন প্রধান, অবসরপ্রাপ্ত মেজর নুরুর রহমান, মতিউর রহমান, মোহাম্মদ আলী আবদুল মতিন, আবুল কালাম, সাবেক সাংসদ মতিউর রহমান, মোহাম্মদ আলী, জাহিদুর রহমান জাহিদ প্রমুখ।
যোগদান অনুষ্ঠান শেষে তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, "আমরা পিডিপি ও জাতীয় পার্টিতে ছিলাম। জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপিতে যোগ দিয়েছি।"
পিডিপির প্রতিষ্ঠাতা সদস্য ফজলুর রহমান আলাদাভাবে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিএনপিতে যোগ দেন।
বিএনপির সহ সভাপতি অধ্যাপক সরোয়ারী রহমান যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/জেকে/এসকে/২১২১ঘ.
bdnews24