২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শূন্য পদে নিয়োগ চায় বিসিএস-এ অকৃতকার্যরা

বিভিন্ন ক্যাডারে শূন্য পদে এবং ক্যাডারভুক্ত নতুন পদ সৃষ্টি করে তাতে অতি দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে ২৭ তম বিসিএস পরীক্ষায় 'বঞ্চিত' পরীক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2008, 02:33 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন ক্যাডারে শূন্য পদে এবং ক্যাডারভুক্ত নতুন পদ সৃষ্টি করে তাতে অতি দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে ২৭ তম বিসিএস পরীক্ষায় 'বঞ্চিত' পরীক্ষার্থীরা। প্রথমবার উত্তীর্ণ কিন্তু দ্বিতীয়বারে অকৃতকার্য হওয়া এসব আন্দোলনরত পরীক্ষার্থী শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়। এর আগে বৃহস্পতিবার রাতে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আন্দোলনকারী পরীক্ষার্থীদের অনশন ভাঙান। তখন তিনি সাংবাদিকদের বলেন- ২৭তম বিসিএস-এ অনুত্তীর্ণ প্রার্থীদের সমস্যা সমাধানে সরকার তিনটি উপায় খুঁজে বের করেছে। এর প্রথমটি হচ্ছে- প্রশাসনের শূন্য পদে এসব প্রার্থীকে নিয়োগ দেওয়া বা নতুন পদ সৃষ্টি করা যায় কি না তা খতিয়ে দেখা এবং বয়সসীমা শিথিল করে ২৯তম বিসিএস-এ অংশ নেওয়ার সুযোগ দেওয়া। সংবাদ সম্মেলনে আন্দোলনরত প্রার্থীরা জানায়, তারা সরকারের বাতলে দেওয়া প্রথম উপায়েই নিয়োগ চায়। উপদেষ্টার আশ্বাসের পরিপ্রেক্ষিতে অনশন কর্মসূচি স্থগিত করা হলেও নিয়োগ না হওয়া পর্যন্ত তারা অবস্থান ধর্মঘট চালিয়ে যাবেন বলে অকৃতকার্য পরীক্ষার্থীরা জানান। অনিয়মের অভিযোগে ২৭তম বিসিএসের বাতিল হওয়া ফল বহাল রাখার দাবিতে গত ১ নভেম্বর থেকে অনশন করছিলেন দ্বিতীয় দফায় অনুত্তীর্ণ এই পরীক্ষার্থীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/এসকে/২০২৭ঘ.