২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে দুটি আসন চায় জামায়াত, ছাড়তে নারাজ বিএনপি

আসন্ন নবম জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের মধ্যে চারদলীয় জোটের শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামী দুটি আসন চায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2008, 12:41 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন নবম জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের মধ্যে চারদলীয় জোটের শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামী দুটি আসন চায়। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) এ দুটি আসনে জোটের পক্ষ থেকে মনোনয়ন পেতে বিএনপির সঙ্গে জামায়াতের দরকষাকষি চলছে বলে জানিয়েছেন স্থ্নাীয় জামায়াতের কয়েকজন নেতা। তবে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা কোন আসনই ছাড়তে রাজি নয়। চাঁপাইনবাবগঞ্জ জামায়াতের নায়েবে আমির লতিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলের কেন্দ্রীয় কর্ম পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-১ ও ৩ আসন দু'টি চারদলীয় জোটের কাছে দাবি করবে জামায়াত। তবে প্রার্থী মনোনয়নের ব্যাপারে জোট যে সিদ্ধান্ত নিবে আমরা সে সিদ্ধান্ত মেনে নেবো।" চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন বলেন, "তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে দল ও জোটের যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেওয়া উচিত।" অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে চারদল জোটগতভাবে নির্বাচন করলেও চাঁপাইনবাবগঞ্জের চিত্র ছিল ভিন্ন। জেলার তিনটি আসনে জোটের দুই শরিক বিএনপি ও জামায়াত পৃথকভাবে নির্বাচন করেছিল। তিনটি আসনই পেয়েছিল বিএনপি। গত বছর ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া একাধিক দুর্নীতি মামলায় জড়িয়ে পড়েন। এর মধ্যে একটি চাঁদাবাজি মামলায় তার পাঁচ বছর কারাদণ্ড হয়েছে। বর্তমানে তিনি হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সাবেক সাংসদ সৈয়দ মন্জুর হোসেন গত বছর ক্ষমতার পালাবদলের পর স্থানীয় বিএনপির দ্বন্দ্বের জের ধরে এলডিপিতে যোগ দেন। ওই বছর ৭ মার্চ বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন শুল্কমুক্ত গাড়ি ও চাঁদাবাজি মামলায় অভিযুক্ত হয়ে জেলহাজতে ছিলেন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। জামায়াতের জেলা নায়েবে আমির লতিফুর রহমান ১৯৮৬ ও ৯১ সালে এ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৪ ঘ.