২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া ও মেঘনা সেতুর দুই প্রান্তে তীব্র যানজট

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে শুক্রবার সকাল থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু মেরামত কাজের জন্য বন্ধ থাকায় বিকল্প হিসেবে এ রুটে যানবাহন ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়ক হয়ে চলাচল করায় অতিরিক্ত কয়েক হাজার গাড়ি চাপে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2008, 02:19 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে শুক্রবার সকাল থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু মেরামত কাজের জন্য বন্ধ থাকায় বিকল্প হিসেবে এ রুটে যানবাহন ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়ক হয়ে চলাচল করায় অতিরিক্ত কয়েক হাজার গাড়ি চাপে এ অবস্থার সৃষ্টি হয়েছে। অপরদিকে শুক্রবার দুপুর ১টার দিকে মেঘনা সেতু খুলে দেওয়ার পর যান চলাচল আবার শুরু হলেও সেতুর দুই প্রান্তে সৃষ্টি হয়েছে যানজট। সন্ধ্যায় সেতুর পশ্চিম (নারায়ণগঞ্জ) প্রান্তে প্রায় ১০ কিলোমিটার এবং পূর্ব প্রান্তে আট কিলোমিটার সড়কে যানজট বিস্তৃত ছিল বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার সরদার নুরুল আমিন। মেরামত কাজের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ১৮ ঘণ্টা মেঘনা সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। এর আগে প্রথম দফায় ১১ নভেম্বর সন্ধ্যা ৬ টা থেকে ১২ নভেম্বর দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত মেঘনা সেতু বন্ধ রাখা হয়েছিল। ওই সময় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে প্রায় ৪০ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, দুপুর ১২টার দিকে মহাসড়কের উজানিসার সেতুর দুই প্রান্তের প্রায় ২০ কিলোমিটার অর্থাৎ ভাদুগড় থেকে কুটি চৌমুহনী পর্যন্ত যানজট বিস্তৃত হয়। চট্টগ্রামসহ এ অঞ্চলের বিভিন্ন জেলাগামী এবং এ সব জেলা থেকে ঢাকার দিকে যাওয়া যানবাহন বিকল্প হিসেবে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে চলাচল করায় চাপ অস্বাভাবিক ভাবে বেড়ে যায়। এছাড়া ময়নামতি থেকে ব্রাহ্মবাড়িয়া পর্যন্ত অংশের প্রায় ১৩টি সেতু জরাজীর্ণ। এ কারণে শুক্রবার সকাল কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে তীব্র যানজট সৃষ্টি হয়। ব্রাহ্মণাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদ হোসেন জানান, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের পাঁচটি পয়েন্টে ক্যাম্প বসানো হয়েছে। সড়কে কোন যানবাহন নষ্ট হলে তা সরানোর জন্যে একটি রেকারও রাখা হয়েছে। তিনি জানান, উজানিসার সেতুর দুই প্রান্তে সকাল থেকেই যানজটের সৃষ্টি হয়। তবে পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত ট্রাফিক পুুলিশ নিয়োগ করা হয়েছে বলেও দাবি করেন সওজ কর্মকর্তা। সওজ কর্মকর্তা জাহিদ জানান, মেঘনা সেতু চালু হওয়ায় এ মহাসড়কে চাপ কমে আসছে। সন্ধ্যার দিকে অবস্থার উন্নতি হয়েছে। রাতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। দুপর সাড়ে ১২টার দিকে মহাসড়কের রামরাইল এলাকায় ট্রাক চাল কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকমকে জানান, যানজট সেতুর দুই প্রান্তে ২০ কিলোমিটার ছাড়িয়ে গেছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, শুক্রবার দুপুর ১টার পর যান চলাচলের জন্য মেঘনা সেতু খুলে দেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আটকা পড়া যান পারাপার তখনই শুরু হয়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে যানবাহনের চাপ বাড়তে থাকায় শুক্রবার সন্ধ্যার দিকে সেতুর দুই প্রান্তে তীব্র যানজট সৃষ্টি হয়। মুন্সীগঞ্জ প্রতিনিধি ভবের চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আব্দুস সালামের উদ্ধৃতি দিয়ে জানান, যানজট কমাতে পুলিশ কাজ করছে। এক ঘন্টা ঢাকার দিকে এবং পরের এক ঘন্টা চট্টগ্রামের দিকে- এ নিয়মে গাড়ি পারাপার করা হচ্ছে। তিনি জানান, সেতুটির মেরামত কাজ প্রায় ৭৫ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ যানবাহন চলাচল বন্ধ না রেখেই করা সম্ভব হবে বলে সওজ এর বরাত দিয়ে সার্জেন্ট আব্দুস সালাম জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৪ ঘ.