২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের মামলা দায়ের, তদন্ত আইনসিদ্ধ: হাইকোর্ট

দুর্নীতির মামলা দায়ের, অনুসন্ধান, তদন্ত ও অনুমোদনের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো আইন ভঙ্গ করেনি। দুর্নীতির মামলা বাতিলের জন্য ঢাকা- ৪ আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ হাবিবুর রহমান মোল্লার আবেদন খারিজ করে বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 05:24 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলা দায়ের, অনুসন্ধান, তদন্ত ও অনুমোদনের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো আইন ভঙ্গ করেনি। দুর্নীতির মামলা বাতিলের জন্য ঢাকা- ৪ আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ হাবিবুর রহমান মোল্লার আবেদন খারিজ করে বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেয়। রায়ের পর দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর মাধ্যমে দুদকের প্রায় চারশ মামলা বাতিলের জন্য করা আবেদন ও রিটের সুরাহা করার একটি দিক নির্দেশনা পাওয়া গেল। সে আবেদনগুলো নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। এই রায় অন্য মামলাগুলোর বিচার নিষ্পত্তিতে সহায়ক হবে।" তিনি আরো বলেন, "দুর্নীতির মামলা দায়ের ও কার্যক্রম পরিচালনা চ্যালেঞ্জ করে করা আবেদনগুলোর মধ্যে আজ প্রথম রায় হলো। হাইকোর্ট বলে দিয়েছে, মামলা দায়ের ও পরিচালনায় দুদক কোনো আইন বা আদালতের প্রক্রিয়ার অপব্যবহার করেনি।" খুরশিদ আলম খান বলেন, "হাবিবুর রহমান মোল্লার মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর মামলা বাতিলের আবেদন করা হয়েছে। আদালত মামলার কার্যক্রম স্থগিত করে দিয়েছে। তার আবেদন খারিজ হওয়ার পর এখন এ মামলার কার্যক্রম চলতে কোনো বাধা নেই।" তবে হাবিবুর রহমান মোল্লার আইনজীবী আবদুল মতিন খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।" রায়ে আদালত বলেছে, দুদক আইনের ১০ ধারায় ৬০ দিনের মধ্যে তদন্ত শেষ করার বিধান রয়েছে। তবে এই বিধান বাধ্যতামূলক নয়, নির্দেশনামূলক। গত বছর ৩ অক্টোবর হাবিবুর রহমান মোল্লার বিরুদ্ধে রমনা থানায় দুদকের সহকারী পরিচালক সৈয়দ আহমেদ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। তার বিরুদ্ধে প্রায় ২ কোটি ৩২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ আনা হয়। মামলাটি বাতিলের আবেদনের পর গত বছর ১৫ জুলাই হাইকোর্ট রুল জারি করে। মামলার কার্যক্রমও ওই তারিখে আদালত স্থগিত করে দিয়েছিল। সে রুলের ওপর শুনানি করে হাইকোর্ট দু'দিন ধরে রায় দেয়। হাবিবুর রহমান মোল্লার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট শেখ বাহারুল ইসলাম। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকে খুরশিদ আলম খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এসকে/২৩১৮ঘ.