সাতক্ষীরা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন সংসদ নির্বাচনে একাত্তরের যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী শক্তিকে বয়কট ও ভোট না দেওয়ার আহবান জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম।
সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক পৌর মিলনায়তনে বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান সেক্টর কমাণ্ডারর্স ফোরাম নেতারা। নির্বাচনে যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরেধীদের ভোট না দিতে দেশজুড়ে প্রচারণার অংশ হিসেবে সাতক্ষীরায় চারটি মতবিনিময় সভা করেন তারা।
ফোরাম নেতা সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বলেন, "যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীরা ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে গঠিত জাতীয় সংসদে গেলে তা হবে বীর শহীদদের জন্য অপমানকর।"
আগামী সংসদে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সোচ্চার দাবি তোলার আহ্বান জানিয়ে ফোরাম নেতারা বলেন, তাদেরকে ভোট দেবেন না। ভবিষ্যতে আর যাতে কখনো স্বাধীনতাবিরোধী ঘৃণিত শক্তি সংসদে যেতে না পারে সে দায়িত্ব আপনাদেরকেই পালন করতে হবে।
চিহ্নিত ৩৬ জন যুদ্ধাপরাধীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার আহ্বান জানিয়ে ফোরাম নেতারা বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য কোনো কোনো দল একাত্তরের ঘৃণিত শক্তির সঙ্গে সমঝোতা করে আসছে। দেশ স্বাধীন হওয়ার পরপরই বঙ্গবন্ধু সরকার দালাল আইনের অধীনে ৩৭ হাজার রাজাকারের মধ্যে ২৬ হাজারকে সাধারণ ক্ষমা করে। বাকি ১১ হাজারের মধ্যে ৭৫২ জনের বিচার কাজ শেষ করেন। বঙ্গবন্ধুকে হত্যার পর পরবর্তী সরকার এই আইন বাতিল করে যুদ্ধাপরাধীদের পূনর্বাসিত করেছে।
সাংবাদিক আবেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু ওসমান চৌধুরী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন অর রশিদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জামিল ডি আহসান, ডা. সারোয়ার আলী, সাবেক এমসিএ মমতাজ আহম্মেদ, অ্যাডভোকেট ফরিদা আক্তার বানু, এনামুল হক প্রমুখ।
এর পর সেক্টর কমান্ডার্স ফোরাম নেতারা কালিগঞ্জের নলতায় মতবিনিময় সভা করেন। এর আগে বুধবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা এবং বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার সার্কিট হাউসে মতবিনিময় সভা করেন।
তারা শ্যামনগরে শহীদদের গণকবর, কালিগঞ্জে মুক্তিযোদ্ধা ইউনুছ, সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার ও শহীদ রাজ্জাকের কবরে যান এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৯৩৫ ঘ.
bdnews24