ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এবারের মৌসুমে ২ লাখ ৪৭ হাজার সেচ যন্ত্রে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। গতবারের চেয়ে তা ৭ শতাংশ বেশি।
সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি পর্যালোচনার জন্য বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে একথা জানানো হয়।
বৈঠকের পর বিদ্যুৎ বিভাগের সচিব ড. এম ফাওজুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেচ মৌসুমে উৎপাদন বৃদ্ধির জন্য রক্ষণাবেক্ষণ কাজ আগেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পর্যাপ্ত তেল মজুদ রাখার জন্য বলা হয়েছে। ডিসেম্বর-জানুয়ারি নাগাদ নতুন বিদ্যুৎ গ্রিডে যুক্ত হবে বলেও উল্লেখ করেন তিনি।
ফাওজুল কবির বলেন, অগ্রাধিকার দিয়ে গত বছরের মতোই সেচে বাড়তি বিদ্যুৎ সরবরাহ করা হবে।
এবার সেচ মৌসুমে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে অফপিক আওয়ারে ৩৭০০-৩৮০০ মেগাওয়াট। পিক আওয়ারে ৪০০০ থেকে ৪২০০ মেগাওয়াট। গত বছর সেচ মৌসুমে বিদ্যুতের গড় উৎপাদন ছিল ৩৪০০ থেকে ৩৭০০ মেগাওয়াট।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব অনুসারে এ মুর্হূর্তে পিক আওয়ারের গড় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৩৮০০ মেগাওয়াট।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, গ্যাস সঙ্কট ও কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে পানি স্বল্পতা নিয়েই সেচ মৌসুমের পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কাপ্তাই লেকে এখন পানির উচ্চতা কম বেশি ৮৫ ফুট। গত বছর এ সময় ছিল ১০৮ ফুট। এ কারণে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। তাছাড়া গ্যাস সঙ্কটের কারণে গড়ে ৫০০ থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে।
গ্যাসের ঘাটতির কথা উল্লেখ করে বিদ্যুৎ সচিব বলেন, আমরা গ্যাসের চাহিদা জানিয়ে জ্বালানি বিভাগকে বলেছি। পর্যাপ্ত গ্যাস পাওয়া গেলে বিদ্যুৎ সরবরাহে তেমন সমস্যা হবে না।
বৈঠকে উত্তরাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বাঘাবাড়ি ও বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের রক্ষণাবেক্ষণ আগে থেকেই সম্পন্ন করার এবং বিভিন্ন বিদ্যুৎ বিতরণ সংস্থাকে বিতরণ লাইনের ত্র"টি মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, গত বোরো মৌসুমে ৪৫ লাখ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়। এর মধ্যে প্রায় দশ লাখ হেক্টর জমিতে শংকর প্রজাতির (হাইব্রিড) ধান চাষ করা হয়। ১১ লাখ ৮৩ হাজার ৮৬০টি ডিজেল চালিত এবং ২ লাখের বেশি বিদুৎ চালিত পাম্পের মাধ্যমে এসব জমিতে সেচ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৮১৪ঘ.
bdnews24