ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার ও খাদ্য পণ্যের উচ্চমূল্য এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষি উপদেষ্টা সি এস করিম।
রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৫ তম অধিবেশনে বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। বুধবার এফএও সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অর্থনৈতিক সঙ্কটের সময় কৃষি খাতে আর্থিক প্রবাহ ঠিক রাখতে হবে। বাংলাদেশের কৃষকদের অবদানকে স্বীকৃতি জানাতে প্রথমবারের মতো জাতীয় কৃষক দিবস পালন করার কথা উল্লেখ করেন তিনি।
এফএও'র মহাপরিচালক জ্যাক দিয়ুফ অধিবেশনের উদ্বোধন করেন।
উদ্বোধনী ভাষণে তিনি বলেন, খাদ্য নিরাপত্তা, পুষ্টিহীনতা ও ক্ষুধা মোকাবেলায় এফএওকে নতুনভাবে উদ্যোগী হতে হবে।
বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রীরা এই অধিবেশনে যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসকে/২২২৫ঘ.
bdnews24