ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎপাদিত বিদ্যুতের দাম বেশি ধরায় হবিগঞ্জের বিবিয়ানায় ৪৫০ মেগাওয়াট ক্ষমতার বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব বাতিল করে নতুন দরপত্র আহ্বানের নির্দেশ দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম তামিম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেশি দামের কারণে বুধবার প্রস্তাবটি বাতিল করে নতুন দরপত্র আহ্বানের জন্য বলা হয়েছে।"
বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনের জন্য প্রাথমিকভাবে চারটি প্রতিষ্ঠানকে নির্বাচিত করেছিল সরকার। এর মধ্যে কেবল পাওয়ারটেক কনসোর্টিয়াম চূড়ান্ত পর্যায়ে দরপ্রস্তাব দাখিল করে। কনসোর্টিয়ামের অন্য দুই অংশীদার দক্ষিণ কোরিয়ার সরকারি প্রতিষ্ঠান কোরিয়ান ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি (কেপকো) ও জার্মানির সিমেন্স।
এম তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা তুলনা করে দেখেছি, ওরা (পাওয়ারটেক) বিদ্যুতের বেশি দাম প্রস্তাব করেছে। ১৫ বছরের ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে ৪ দশমিক ২৯৯ সেন্ট দরে আমরা বিদ্যুৎ কিনছি। আর বিবিয়ানার নতুন কেন্দ্র থেকে ২০ বছর বিদ্যুৎ কেনা হবে। সে হিসাবে বিদ্যুতের দাম কম হওয়ার কথা থাকলেও তারা উল্টো বেশি দাম চাইছে। দাম সমান হলেও বিবেচনা করা যেত।"
বিদ্যুৎ মন্ত্রণালয় কর্মকর্তারা জানান, পাওয়ারটেক প্রতি কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুৎ বিক্রির জন্য ৪ দশমিক ৩৯৯ সেন্ট প্রস্তাব করেছিল। প্রথমে এ জন্য ৪ দশমিক ৫৩ সেন্ট চেয়েছিল তারা।
ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গত ৭ অক্টোবরের বৈঠকে প্রস্তাব পুনমর্ূূূল্যায়নের নির্দেশ দিলে পাওয়ারটেক তা কমিয়ে ৪ দশমিক ৩৯৯ করে। এরপর দাম আরও কমানোর জন্য সরকার আলোচনা করলেও কোনো কাজ হয়নি।
দ্রুত নতুন দরপত্র আহ্বান করা হবে বলে জানান এম তামিম ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এসকে/২০৪৮ঘ.
bdnews24