২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরপেক্ষ ও অবাধ নির্বাচন দেখতে চায় ইসি: স্টেফান ফ্রোইন

সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ ও অবাধ একটি নির্বাচন দেখতে চায় ইউরোপীয় কমিশন। বুধবার সকালে বাগেরহাটের একটি ক্ষুদ্র শিল্প কারখানা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত স্টেফান ফ্রোইন এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

বাগেরহাট,১৯ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ ও অবাধ একটি নির্বাচন দেখতে চায় ইউরোপীয় কমিশন। বুধবার সকালে বাগেরহাটের একটি ক্ষুদ্র শিল্প কারখানা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত স্টেফান ফ্রোইন এ কথা বলেন। ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত বাগেরহাটের বিসিক শিল্প এলাকায় রপ্তানিমুখী নারকেলের ছোবড়া প্রক্রিয়াকরণ একটি কারখানা পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি ও স্বচ্ছ ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, নির্বাচনের মাধ্যমে সরকার গঠণের পর সব দল সংসদে বসেই রাজনীতির অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করবে। ইউরোপীয় কমিশনের দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ড. ক্লস ডায়েলার গাউলস, কাউন্সিলর মিলকো ভ্যান গুল, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: দেলোয়ার হায়দার, প্রতিষ্ঠানের পরিচালক মীর আল আমিন চেঙ্গিস প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন। বুধবার সকালে পিরোজপুর থেকে সাতক্ষীরা যাবার পথে রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিসিক শিল্প এলাকায় বেসরকারি সংস্থা হেল্প পরিচালিত নূরজাহান এগ্রো কোকোনাট প্রসেসিং কো: প্রাইভেট লি: নামের এই কারখানাটি পরিদর্শন করেন। সেখানে তিনি ইউরোপীয় কমিশন ফ্রেণ্ডশিপ হলরুম উদ্বোধন করেন। অস্ট্রিয়া থেকে আনা যন্ত্রপাতি দিয়ে এই প্রতিষ্ঠানটি নারকেলের ছোবড়া থেকে রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য তৈরি করছে। আর্সেনিক দূূরীকরণ প্রকল্প পরিদর্শন পরে রাষ্ট্রদূত ফকিরহাটের লখপুর ইউনিয়নের জারিয়া বারুইডাঙ্গা গ্রামে এনজিও ফোরাম পরিচালিত আর্সেনিক দূষণ দূরীকরণ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে তিনি আর্সেনিকোসিস রোগে আক্রান্ত কয়েকজন রোগীর সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। এনজিও ফোরামের প্রকল্প ব্যবস্থাপক ডা. নাজমুল হাসান ও মনিটরিং অফিসার মো: তানভীরুল হাসান এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৯৪৫ঘ.