ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিষাক্ত রাসায়নিক পদার্থ মেলামিনযুক্ত গুঁড়ো দুধ চীন থেকে আমদানি করে বিক্রি ও বাজারজাত করার অভিযোগে মঙ্গলবার মামলা দায়ের হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মহানগর হাকিম ড. আব্দুল মজিদ সন্ধ্যায় গ্রেপ্তারি পরোয়ানার এই আদেশ দেন।
১৯৮৪ সালের মায়ের বুকের দুধের বিকল্প সংক্রান্ত অধ্যাদেশ ভঙ্গ করে সুইট বেবি-২ এবং ইয়াশলি-১, ইয়াশলি-২ দুধ কোনও নিবন্ধন ছাড়াই আমদানি, বিক্রি ও বাজারজাতের অভিযোগে চট্টগ্রাম স্টেশন রোডের মৌ এন্টার প্রাইজ এবং ঢাকার বকশী বাজারের অলওয়ে ট্রেডিং এর সত্ত্বাধিকারীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পৃথক দুইটি মামলা করেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডাঃ ফাতেমা পারভীন।
মৌ এন্টার প্রাইজের মালিক এমএ রহিম, আর মেসার্স অলওয়ে ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক বেলাল আহমেদ শরীফকে মামলা গুলোতে আসামি করা হয়েছে। বাদি পক্ষে মামলা পরিচালনা করছেন, অ্যাডভোকেট আ. মান্নান খান।
মামলা দুটোতে প্রত্যেকটিতে ৪ জন করে সাক্ষী করা হয়েছে। সাক্ষীরা হলেন, বিএসটিআই এর উপ-পরিচালক শরীফুল ইসলাম, জনস্বাস্থ্য, পুষ্টি প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত উপ পরিচালক ডা. মো. আব্দুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব আবদুল মজিদ এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কর্মকর্তা এমদাদ হোসেন মালেককে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২২০৫ঘ.
bdnews24