ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন।
নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণে বিএনপি দাবি জানানোর পরদিনই প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসি কথা বলতে গেলেন।
নির্বাচনের তফসিল আবার বদলানোয় খালেদা জিয়ার দাবি নিয়ে সরকারের সঙ্গে সিইসি আলোচনা করেন বলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন।
সিইসি বেলা ২টায় দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং এম সাখাওয়াত হোসেনকে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রওনা হন।
ওই সময় সাংবাদিকদের সিইসি বলেন, "আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাচ্ছি।" বিস্তারিত কিছু বলেননি তিনি।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাড়ে ৫টার দিকে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় ত্যাগ করেন। তবে তারা কেউই নির্বাচন কমিশনে ফেরেননি।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচন হবে। এর ১০ দিন পরই হবে উপজেলা নির্বাচন। দুটি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ নভেম্বর।
প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি শুরু করলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চার দফা দাবি জানিয়ে সোমবার বলেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে ওই দাবি মেনে নিলে চারদলীয় জোট নির্বাচনে যাবে।
গত ২ নভেম্বর জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনের তফসিল একসঙ্গে ঘোষণা করা হয়। সে অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১৩ নভেম্বর। কিন্তু বিএনপির না যাওয়ার প্রেক্ষাপটে ভোট গ্রহণের তারিখ অপরিবর্তিত রেখে কয়েকদিন আগে তফসিলে পরিবর্তন আনা হয়।
বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলই উপজেলা নির্বাচন পেছানো এবং জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবি করছে। তবে বিএনপি তফসিল পরিবর্তনের দাবি তুললেও আওয়ামী লীগ বলছে, তারা ১৮ ডিসেম্বরই সংসদ নির্বাচন চায়।
২০০৭ সালের শুরুতেই জরুরি অবস্থা জারির পর গঠিত বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পুনর্গঠিত নির্বাচন কমিশনের অধীনে আগামী সংসদ নির্বাচন হচ্ছে।
২০০৭ সালের ২২ জানুয়ারির বাতিল হওয়া সংসদ নির্বাচনের তফসিল বেশ কয়েকবার পরিবর্তন হয়।
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এর আগে গত আগস্টে চারটি সিটি কর্পোরেশন এবং নয়টি পৌরসভায় নির্বাচন হয়। এই কমিশনই দেশে প্রথম ছবিসহ ভোটার তালিকা তৈরি করে।
বাংলাদেশে প্রথম থেকে অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যথাক্রমে- ১৯৭৩ সালের ৭ মার্চ, ১৯৭৯ সালের ১৮ ফেব্র"য়ারি, ১৯৮৬ সালের ৭ মে, ১৯৮৮ সালের ৩ মার্চ, ১৯৯১ সালের ২৭ ফেব্র"য়ারি, ১৯৯৬ সালের ১৫ ফেব্র"য়ারি, ১৯৯৬ সালের ১২ জুন এবং ২০০১ সালের ১ অক্টোবর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/জিএনএ/১৫৩০ ঘ.
bdnews24