২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে দেশের সীমা ব্যবহারের অনুমতির বৈধতা নিয়ে রিট খারিজ

বাংলাদেশের জল, স্থল ও আকাশসীমা যুক্তরাষ্ট্রকে ব্যবহারের অনুমতির বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. আবু তারিকের বেঞ্চ এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2008, 05:07 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের জল, স্থল ও আকাশসীমা যুক্তরাষ্ট্রকে ব্যবহারের অনুমতির বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. আবু তারিকের বেঞ্চ এ রায় দেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলার সিদ্ধান্ত নেয়। এ জন্য ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জল, স্থল ও আকাশসীমা ব্যবহারের অনুমতি চায় তারা। ওই সময়ে তত্ত্বাবধায়ক সরকার ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর এই অনুমতি দেয় বলে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়। এই অনুমতির বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রুহুল কুদ্দুস বাবুর করা রিটের পরিপ্রেক্ষিতে ২০০১ সালের ২১ অক্টোবর সরকারের প্রতি রুল জারি করে হাইকোর্ট। সোমবার এর রায়ে বলা হয়, ওই সময়ে বাংলাদেশে যুদ্ধাবস্থা ছিল না। তাই বর্তমান রিট আবেদনটি সারবত্তাবিহীন ও খারিজযোগ্য। আর প্রজাতন্ত্রে যুদ্ধাবস্থা বিরাজ করছে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকলেও এর কোন ব্যত্যয় ঘটে না। রায়ে আরো বলা হয়, প্রজাতন্ত্রের পক্ষে যুদ্ধ ঘোষণা করারও একমাত্র অধিকার সংসদের। প্রজাতন্ত্রে যুদ্ধাবস্থার উদ্ভব হলে সেই বিষয়ে সব সিদ্ধান্ত জাতীয় সংসদ গ্রহণ করবে। আদালত রায়ে বলেন, প্রজাতন্ত্রের সাংবিধানিক শ্রেষ্ঠত্ব জনগণের ওপর ন্যস্ত। সাংবিধানিক কাজে নিয়োজিত ব্যক্তিরা জনগণের সেবক। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সাংবিধানিক পদের ব্যক্তিদের নিজস্ব কোন ক্ষমতা নেই। তারা জনগণের প্রতিনিধিত্বের ক্ষমতায় ক্ষমতাবান। রিটকারীর পক্ষে আবেদনটি পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট এম আই ফারুকী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এসকে/২২৫৮ঘ.