২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক বিএসএফ সদস্য হাসপাতালে

তেঁতুলিয়া সীমান্তে গুলি চালিয়ে তিন বাংলাদেশীকে হত্যার পর আটক বিএসএফ সদস্য আশু সিংহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিডিআরের হেফাজতে তাকে চিকিৎসা চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2008, 09:24 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

রংপুর, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেঁতুলিয়া সীমান্তে গুলি চালিয়ে তিন বাংলাদেশীকে হত্যার পর আটক বিএসএফ সদস্য আশু সিংহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিডিআরের হেফাজতে তাকে চিকিৎসা চলছে। একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএসএফের গুলিতে আহত শহিদুলও। রোববার রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের কয়েকজন সদস্য পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী ময়নাকুড়ি মাঝিপাড়া গ্রামে একটি বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে শহিদুলের স্ত্রী মাজেদা বেগম, শিশুপুত্র মামুন এবং চাচাত ভাই গোলাম মোস্তফা মারা যায়। গ্রামবাসী ওই সময় বিএসএফ সদস্য আশু সিংহকে আটক করে পিটুনি দেয়। তবে তার সহযোগীরা পালিয়ে সীমান্তের ওপারে চলে যায়। সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, আশু সিংহ হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। বিডিআর সদস্যরা তাকে ঘিরে রেখেছে। আশু সিংহের ছবি তোলা কিংবা তার সঙ্গে কথা বলতে পারেনি সাংবাদিকরা। একই ওয়ার্ডে গুলিবিদ্ধ শহিদুলও ভর্তি আছেন। শহিদুল সাংবাদিকদের বলেন, "আমরা ঘুমিয়ে ছিলাম। রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে দরজায় কারা যেন লাথি মারতে থাকে। তখন দরজা খুলি। ছেলে মামুন ছিল আমার স্ত্রীর কোলে। দরজা খোলার সঙ্গে সঙ্গে গুলি হয়। এরপর আর কিছুই মনে নেই।" শহিদুলের অপর চাচাত ভাই সেকেন্দার আলী বলেন, "গুলির শব্দে ঘর থেকে বেরিয়ে দেখি, শহিদুল মাটিতে লুটিয়ে পড়ে কাতরাচ্ছে। মাটিতে পড়ে আছে সাজেদা ও মামুনের নিথর দেহ।" হাসপাতালে উপস্থিত শহিদুলের প্রতিবেশীরা জানান, বিএসএফ সদস্যরা এরপর শহিদুলের পাশের ঘরে গিয়ে তার চাচাতো ভাই মোস্তফাকে গুলি করে। একই এলাকার করিম উল্লাহ জানান, গ্রামবাসী গুলির শব্দ শুনে এগিয়ে এলে বিএসএফ সদস্যরা পালিয়ে যায়। তখন ধাওয়া করে আশু সিংহকে আটক করা হয়। পরে বিডিআর সদস্যরা এলে তাদের হাতে তুলে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৬ ঘ.