ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -বড় দুটি গুঁড়োদুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মেলামিন আবার পরীক্ষার হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য আপিল বিভাগে আবেদন জানিয়েছে। রেডকাউ ও নেসলে-র এ আবেদনের ওপর সোমবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।
রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এ মতিন হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য রেডকাউ ও নেসলের আবেদন শুনানির এই দিন ধার্য করে দেন। চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেননি।
রেডকাউ ও নেসলের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।
রিটকারী মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রেডকাউ ও নেসলে হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন জানিয়েছিল। চেম্বার বিচারপতি কোন স্থগিতাদেশ দেননি। পূর্ণাঙ্গ বেঞ্চে এ আবেদন শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন। আবেদন দুটি আপিল বিভাগের সোমবারের কার্যতালিকায় ৪ ও ৫ নম্বর ক্রমিকে অন্তর্ভূক্ত হয়েছে।"
ফলাফলে বিভিন্নতাজনিত বিভ্রান্তি নিরসনে হাইকোর্ট গত ১০ নভেম্বর বাজারের সব ব্র্যান্ডের গুঁড়োদুধের নমুনা সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ, আণবিক শক্তি কমিশন ও বিএসটিআই এর মাধ্যমে আবার পরীক্ষা করে প্রতিবেদন দিতে সরকারকে নির্দেশ দিয়েছিল।
পাশাপাশি হাইকোর্ট ডিপ্লোমা, রেডকাউ, ডানো, ইয়াশলি-১, ইয়াশলি-২ ,সুইট বেবি, নিডো ও এনলিন এই ৮টি ব্র্যান্ডের দুধে মেলামিন পরীক্ষা করে আগামী ২১ দিনের মধ্যে জমা দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিল।
গত ৬ নভেম্বর হাইকোর্ট মেলামিন পরীক্ষার প্রতিবেদন তলব করলে ৯ নভেম্বর সরকার দেশ ও বিদেশে পরীক্ষার প্রতিবেদন আদালতে দাখিল করে। পরদিন আদালত নতুন পরীক্ষার আগ পর্যন্ত ডিপ্লোমা, রেডকাউ, ডানো, নিডো ও এনলিন ব্র্যান্ডের দুধ বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। তবে অন্তত একটি পরীক্ষায় এ ব্র্যান্ডগুলোতেও মেলামিন ধরা পড়েছিল।
২১ দিনের মধ্যে আবার পরীক্ষার নির্দেশ থাকলেও হাইকোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্ধৃতি দিয়ে কয়েকটি প্রতিষ্ঠান তাদের দুধ নিরাপদ বলে বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের আশ্বস্ত করার চেষ্টা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৮০৬ঘ.
bdnews24