২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিআইপি বন্দিকে অন্যায় সুবিধা দেওয়ায় ২৮ কারারক্ষী বরখাস্ত

'ভিআইপি' বন্দিদের অবৈধ সুযোগ দেওয়ার অভিযোগে হাসপাতালের কারাকক্ষে দায়িত্বপালনকারী ২৮ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2008, 02:49 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ভিআইপি' বন্দিদের অবৈধ সুযোগ দেওয়ার অভিযোগে হাসপাতালের কারাকক্ষে দায়িত্বপালনকারী ২৮ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। একইসঙ্গে কারাবিধি ভঙ্গের অভিযোগে কেন আইনগত ব্যাবস্থা নেওয়া হবে না- ব্যারিস্টার নাজমুল হুদা, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস ও ওয়াদুদ ভূঁইয়াকে ২৪ ঘণ্টার মধ্যে তার কারণ জানাতে বলা হয়েছে। কারাবন্দি ওই চার বিএনপি নেতা বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে 'চিকিৎসাধীন' রয়েছেন। কারাগারের উপ মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবৈধভাবে ভিআইপি বন্দিদের সঙ্গে তাদের স্বজনদের সঙ্গে দেখা করিয়ে দেওয়া, বিধি বহির্ভূতভাবে বন্দিদের জন্য খাবার সরবরাহসহ বিভিন্ন অভিযোগে ২৮ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে বৃহস্পতিবার দুইজনকে ও শুক্রবার ২৬ জনকে বরখাস্ত করা হয়।" এই কারারক্ষীদের সবাই বিএসএমএমইউ হাসপাতালে কর্মরত ছিলেন বলে মেজর হায়দার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জেকে/এসকে/২৮৪০ঘ.