আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীত আসতে না আসতেই প্রতি বছরের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলোতে অতিথি পাখির আসা শুরু হয়েছে। যাযাবর এসব পাখিদের বরণে ক্যাম্পাসবাসীর প্রস্তুতিও সম্পন্ন। তবে বার্ড ফ্লু সংক্রমণ এড়াতে সতর্কতা হিসেবে অতিথি পাখির সরাসরি সংস্পর্শে না যাওয়ার পরামর্শ দিয়েছেন এক বিশেষজ্ঞ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে ছোট-বড় মিলিয়ে ১২টি জলাশয় রয়েছে। এর মধ্যে প্রশাসন ভবন সংলগ্ন এবং জাহানারা ইমাম ও প্রীতিলতা হল সংলগ্ন দুটি জলাশয়ে গত কয়েকদিন ধরেই অতিথি পাখির বিচরণ দেখা যাচ্ছে। লাশ শাপলার মধ্যে পাখিদের জল সাঁতার দেখতে শিক্ষার্থীরাসহ অনেকেই ভিড় জমাচ্ছেন জলাশয়ের ধারে।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মনিরুল হাসান খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অতিথি পাখির আসা শুরু হলেও তুলনায় এখন পর্যন্ত কম।"
জলাশয়গুলো দেরিতে পরিষ্কার করায় অনেক পাখি এসে চলে গেছে বলে তিনি জানান।
মনিরুল হাসান পরবর্তী বছর থেকে লেকগুলো অক্টোবরের পরিবর্তে সেপ্টেম্বরে পরিষ্কারের জন্য কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন। পাশাপাশি পাখির সঙ্গে সদয় আচরণের জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রাণিবিদ্যা বিভাগের এক গবেষণায় দেখা যায়, ক্যাম্পাসে প্রতিবছর প্রায় ৫৫ প্রজাতির ৭/৮ হাজার পাখি আসে। অতিথি ও দেশি পাখি মিলিয়ে প্রায় ১৪৫ প্রজাতির পাখি দেখা যায় এখানে। এর মধ্যে সরালী, গার্গিনি, কোম্বডাক, ফেরোজিনাস পোচার্ড, লালমুড়ি, জল মুরগী, বালিহাঁস, নর্দার্ন পিনটেল, কাস্তে চাড়া, জলপিপি, সোনা জিরিয়া, হুড়হুড়, জলকুক্কুট, পাতারি হাঁস,কাদাখোঁচা, বাটান, শিলাফিদ্দা, খয়রা উল্লেখযোগ্য।
বেশিরভাগ পাখি আসে শীতপ্রধান দেশ সাইবেরিয়া এবং হিমালয় অঞ্চল থেকে; এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকেও পাখিরা ভিড় জমায় জাবি ক্যাম্পাসে। শীত পার হয়ে মার্চে যখন গরম পড়তে শুরু করে পাখিগুলোও তখন ফিরে যায় আপন আবাসে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসকে পাখির অভয়ারণ্য হিসেবে আগেই ঘোষণা করেছে। পাখির জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে গণসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে জাবি প্রাণিবিদ্যা বিভাগ এবং নেচার স্ট্যাডি অ্যান্ড কনজারভেশন ক্লাব। প্রতিবছরের মতো এবারও প্রাণিবিদ্যা বিভাগ পাখি মেলা ও পাখি বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করবে বলে বিভাগের শিক্ষকরা জানান।
এদিকে অতিথি পাখির সংস্পর্শে বার্ড ফ্লু সংক্রমণ হতে পারে-এমন আশঙ্কার কথা জানিয়ে তাদের থেকে দূরে থাকতে দর্শণার্থীদের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রোগবিদ্যা বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোনোভাবেই অতিথি পাখির সংস্পর্শে যাওয়া যাবে না। কারণ ওই সব পাখি বার্ড ফ্লু ছড়াতে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। দর্শণার্থীদেরকে অবশ্যই নিরাপদ স্থান থেকে পাখি দেখতে হবে।"
এ বিষয়ে সচেতনতার জন্য জলাশয়ের পাড়ে পোস্টার বা সাইনবোর্ড লাগিয়ে সবাইকে সতর্ক করে দেওয়া উচিত বলে মনে করেন অধ্যাপক হাবিবুর।
তিনি আরও বলেন, "অতিথি পাখিরা যখন পানিতে দাপাদাপি করে তখন ওই পানি যেন কারো গায়ে না লাগে। এমনকি পাখিরা লেকের পাড়ে যেখানে ঘুমায় বা বসে সেখানেও যাওয়া উচিত হবে না। কারণ সেখানে তাদের বিষ্ঠা থাকতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪১ ঘ.
bdnews24