২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে স্বর্ণ ব্যবসায়ীসহ দুজন খুন

রাজধানীর সূত্রাপুর ও মতিঝিলে বুধবার রাতে সন্ত্রাসীরা একজন স্বর্ণ ব্যবসায়ী ও অজ্ঞাত পরিচয় এক যুবককে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। সূত্রাপুরে নিহত স্বর্ণ ব্যবসায়ীর নাম সৈকত চন্দ্র দাস (২৫)। তিনি সূত্রাপুরের লালমোহন সাহা স্ট্রিট এলাকায় থাকতেন এবং ব্যবসা করতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2008, 04:31 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েনিটফোর ডটকম) - রাজধানীর সূত্রাপুর ও মতিঝিলে বুধবার রাতে সন্ত্রাসীরা একজন স্বর্ণ ব্যবসায়ী ও অজ্ঞাত পরিচয় এক যুবককে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। সূত্রাপুরে নিহত স্বর্ণ ব্যবসায়ীর নাম সৈকত চন্দ্র দাস (২৫)। তিনি সূত্রাপুরের লালমোহন সাহা স্ট্রিট এলাকায় থাকতেন এবং ব্যবসা করতেন। তবে মতিঝিলের এজিবি কলোনিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবকের (২৫) পরিচয় পাওয়া যায়নি। কদমতলী থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ পূর্ব ধোলাইর পাড় রাস্তা থেকে সৈকত চন্দ্র দাসের লাশ উদ্ধার করে। তার বুকে ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের জখম রয়েছে। স্বর্ণ ব্যবসা অথবা সন্ত্রাসী কর্মকাণ্ডে নিজেদের মধ্যে কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। সৈকত চন্দ্র দাসের বিরুদ্ধে সূত্রাপুর থানায় একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান। ময়নাতদন্তের জন্য সৈকতের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় সৈকত চন্দ্র দাসের বাবা সুনীল চন্দ্র দাস কদমতলী থানায় অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের আসামি করে একটি মামলা করেছেন। মতিঝিল থানার উপ-পরিদর্শক মো. সুলতান জানান, বুধবার রাত পৌনে ১২টার দিকে এজিবি কলোনির ১৫ নম্বর বিল্ডিংয়ের সামনে সন্ত্রাসীরা একজনকে গুলি করে। ওই রাতেই নিরাপত্তারক্ষীরা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। তিনি জানান, সন্ত্রাসীরা ওই যুবকের শরীরের বিভিন্ন অংশে ছয় রাউন্ড গুলি করে। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও কালো রংয়ের জ্যাকেট। নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিএইচ/এমএসবি/২০২৪ ঘ.