ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পয়েন্টভিত্তিক অভিবাসন পদ্ধতির কারণে যুক্তরাজ্যের কারি শিল্পে বাংলাদেশের কর্মীদের কর্মসংস্থানে কোনো বাধা তৈরি হবে না বলে আশ্বস্ত করেছে দেশটির সরকার।
যুক্তরাজ্য দূতাবাসের অভিবাসন বিভাগের প্রধান স্টুয়ার্ট পার্সিভাল বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, "বাংলাদেশের দক্ষ রন্ধন শিল্পীদের যুক্তরাজ্যে যাওয়ার ক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না। বরং নতুন ব্যবস্থায় আরও বেশি বাংলাদেশী যুক্তরাজ্যে যেতে পারবেন বলে মনে করি আমরা।"
যুক্তরাজ্যের পয়েন্টভিত্তিক নতুন অভিবাসন পদ্ধতিতে 'দক্ষ' রন্ধন শিল্পীরা রয়েছেন টিয়ার-২ (স্তর) এর অধীনে।
টিয়ার-২ এর আওতায় কোনো বিদেশিকে ব্রিটিশ ভিসা পেতে ৭০ পয়েন্ট পেতে হবে। এর মধ্যে 'জব অফার' (চাকরির জন্য আমন্ত্রণপত্র) এর জন্য ৫০ পয়েন্ট, ইংরেজি ভাষার দক্ষতার ওপর ১০ পয়েন্ট এবং অন্যান্য যোগ্যতার জন্য ১০ পয়েন্ট রাখা হয়েছে। চাকরির ক্ষেত্রটি 'ঘাটতি তালিকায়' (শর্ট লিস্ট) থাকলে একজন প্রার্থী জব অফারের পুরো ৫০ পয়েন্ট পাবেন। আগামী ২৭ নভেম্বর থেকে এ নতুন নিয়ম কার্যকর হবে।
পার্সিভাল জানান, ব্রিটিশ আইন অনুযায়ী, নিয়োগদাতা প্রতিষ্ঠানকে প্রতি ঘণ্টা কাজের জন্য রন্ধন কর্মীদের ৮ পাউন্ড ১০ পেনি হারে মজুরি দিতে হবে। তবে বাংলাদেশীরা টিয়ার-৫ এর অধীনে ভিসা পাওয়ার যোগ্য হবেন না।
টিয়ার-৫ এ হলিডে মার্কেটের কর্মীদের রাখা হয়েছে।
যুক্তরাজ্য সরকার অতি দক্ষ কর্মীদের জন্য চলতি বছরের জুন থেকে টিয়ার-১ কার্যকর করে। এখন টিয়ার-২ কার্যকর হচ্ছে। স্বল্প দক্ষ কর্মীদের জন্য প্রযোজ্য টিয়ার-৩ আপাতত বন্ধ থাকছে। শিক্ষার্থীদের জন্য টিয়ার-৪ কার্যকর করা হবে আগামী বছরের মার্চে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/এসকে/২৩৪৯ঘ.
bdnews24