২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসের রহমানের জামিন, আব্বাস ও বাবরের আটকাদেশের ব্যাপারে রুল

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে নাসের রহমানকে বুধবার তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2008, 03:46 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে নাসের রহমানকে বুধবার তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। এদিকে সাবেক মন্ত্রী মির্জা আব্বাস ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- সরকারকে তার কারণ জানাতে বলেছে হাইকোর্টের অন্য দুটি বেঞ্চ। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেইন ও ফরিদ আহমেদের বেঞ্চ অবৈধ সম্পদ অর্জনের মামলায় নাসের রহমানের জামিন আবেদন মঞ্জুর করেন। এ মামলায় নিম্ন আদালত নাসের রহমানকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছিল। নাসের রহমানের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভূঁইয়া। এদিকে সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না আগামী ৮ দিনের মধ্যে তার কারণ জানাতে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। মির্জা আব্বাসের করা রিট আবেদনের ওপর শুনানির পর বিচারপতি তারিক উল হাকিম ও ফারাহ মাহবুরের বেঞ্চ এই আদেশ দেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ। আগামী ১০ দিনের মধ্যে সরকারকে এর কারণ জানাতে বলেছে আদালত। মির্জা আব্বাস ও বাবরের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক ও অ্যাডভোকেট আহসানুল করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/২১৪০ ঘ.