২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় নির্বাচনের আগে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2008, 03:37 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

চট্টগ্রাম, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় নির্বাচনের আগে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। বুধবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসকদের সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় বিভাগীয় কমিশনার হোসাইন জামিলসহ ১১ জেলা প্রশাসক উপস্থিত ছিলেন। সভা শেষে আলী ইমাম মজুমদার সাংবাদিকদের বলেন, "সভায় বিভাগের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টা জেলা প্রশাসকদের সভায় এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেবেন।" তিনি জানান, সভায় একশ দিনের কর্মসৃজন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও প্রতিবন্ধকতা এবং আসন্ন বোরো মৌসুমে সার ও জ্বালানি সরবরাহ বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয় ঠিকভাবে বাস্তবায়ন ও সমন্বয় করতে জেলা প্রশাসনকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে। সভায় উপস্থিত একজন জেলা প্রশাসক জানান, আসন্ন নির্বাচনে জেলা প্রশাসকসহ নির্বাচন-সংশ্লিষ্ট সব কর্মকর্তার নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে আগ্নেয়াস্ত্রের নতুন লাইসেন্স বন্ধ রাখা এবং বৈধ আগ্নেয়াস্ত্রের দোকানে অস্ত্র ও গোলাবারুদ বিক্রি বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। সভায় বিভিন্ন জেলায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এসকে/২১২৯ঘ.