২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭তম বিসিএস: প্রশাসন ক্যাডারের ২৭২ কর্মকর্তার পোস্টিং

২৭ তম বিসিএসে নিয়োগ পাওয়া প্রশাসন ক্যাডারের ২৭২ কর্মকর্তাকে সহকারি কমিশনার হিসেবে পোস্টিং দেওয়া হয়েছে। তাদের ছয়টি বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2008, 03:31 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৭ তম বিসিএসে নিয়োগ পাওয়া প্রশাসন ক্যাডারের ২৭২ কর্মকর্তাকে সহকারি কমিশনার হিসেবে পোস্টিং দেওয়া হয়েছে। তাদের ছয়টি বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে। সংস্থাপন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, নিয়োগ পাওয়া কর্মকর্তাদের অনেকেই বুধবার কর্মক্ষেত্রে যোগ দিয়েছেন। অন্য ক্যাডারদের নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। এদিকে, শহীদ মিনারে আমরণ অনশনরত ২৭তম বিসিএস এর বাতিল হওয়া ফলাফলে উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় ফলাফলে উত্তীর্ণদের নিয়োগ সংক্রান্ত গেজেট স্থগিত রাখার দাবি জানিয়েছে। বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। দ্বিতীয় ফলাফলে অনুত্তীর্ণ প্রার্থীরা পিএসসি'র চেয়ারম্যান ড. সাদত হোসেনের পদত্যাগ, গেজেট প্রকাশের প্রতিবাদ এবং প্রথম ফলাফল পুনর্বহালের দাবিতে ১৩, ১৪ ও ১৫ নভেম্বর বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে। এছাড়া ১৬ নভেম্বর সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। প্রথমবারের ফলাফল পুনর্বহালের দাবিতে গত ১ নভেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করছে এসব প্রার্থী। এতে এ পর্যন্ত বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পেছনের কথা ২০০৫ সালের জুন মাসে ১ হাজার ৭৭৬টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চেয়ে ২৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন দেয় পিএসসি। এতে ১ লাখ ৩৮ হাজার ৮৭৮ জন আবেদন করেন। সব পরীক্ষা শেষে ২০০৭ সালের ২১ জানুয়ারি প্রায় সাড়ে তিন হাজার জনকে মনোনীত করে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ওই বছর ফেব্র"য়ারি মাসে মনোনীতদের স্বাস্থ্য পরীক্ষা শুরুর কথা থাকলেও দলীয়করণসহ অনিয়মের বিভিন্ন অভিযোগ ওঠায় সরকার তা স্থগিত করে। এরপর ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষার ফল বাতিল করে পিএসসি। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৬ হাজার ৪১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ১৬৫ জন দ্বিতীয়বারের মৌখিক পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে আগেরবার উত্তীর্ণ কয়েকজন শিক্ষার্থী প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করে। কিন্তু চলতি বছর ৩ জুলাই হাইকোর্ট রিট খারিজ করে দেয়। এতে করে ফল প্রকাশের পথে সব বাধা দূর হয়। পরে গত ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ফল প্রকাশ করা হয়। এতে ৩ হাজার ২৩৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। এর মধ্যে ৩০৪৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। বাকি ১৯৫ জন পুলিশ যাচাই (ভেরিফিকেশন) ও স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন সংক্রান্ত সমস্যার কারণে সোমবার নিয়োগ পাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/এসকে/২১২৪ঘ.