২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনতা টাওয়ার সরকারের: আপিল বিভাগের রায়

বহুল আলোচিত জনতা টাওয়ার সরকারের বলে রায় দিয়েছে আপিল বিভাগ। এ মামলায় হাইকোর্টের রায় বুধবার বহাল রেখেছে আপিল বিভাগ। রওশন এরশাদসহ অপর আসামিদের জরিমানাও বহাল রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2008, 09:25 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহুল আলোচিত জনতা টাওয়ার সরকারের বলে রায় দিয়েছে আপিল বিভাগ। এ মামলায় হাইকোর্টের রায় বুধবার বহাল রেখেছে আপিল বিভাগ। রওশন এরশাদসহ অপর আসামিদের জরিমানাও বহাল রাখা হয়েছে। এর ফলে জনতা টাওয়ার সরকারেরই থাকছে বলে সরকার পক্ষের কৌঁসুলী ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। জনতা টাওয়ার মামলায় সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের স্ত্রী রওশন এরশাদসহ ১৬ জনের আপিল বুধবার খারিজ করে দেয় আপিল বিভাগ। হাইকোর্টের রায়ে আসামিদের সাজা কমিয়ে দেওয়ায় তা বাড়ানোর জন্য সরকারের করা আপিলও খারিজ করা হয়েছে। এ মামলার আসামি এরশাদ ইতোমধ্যে তারা সাজা ভোগ করেছেন। ১৯৯১ সালের ১৪ এপ্রিল বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো এরশাদ, রওশন এরশাদ, রাজউকের সাবেক চেয়ারম্যান এমএম রহমতউল্লাহ, আবদুস সুকুর প্রধানসহ ১৭ জনের বিরুদ্ধে জনতা টাওয়ার দুর্নীতি মামলা দায়ের করে। ১৯৯৩ সালের ৭ জুন বিচারিক আদালতের রায়ে ১৭ আসামির ৭ বছর করে কারাদণ্ড হয়। পাশাপাশি জনতা টাওয়ার বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে আপিলের পরিপ্রেক্ষিতে ২০০০ সালের ২৪ আগস্ট এরশাদের দণ্ড দুই বছর কমিয়ে ৫ বছর এবং ৫ কোটি ৪৮ লাখ ৭০ হাজার ৮০০ টাকা জরিমানার রায় দেয় হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল চলাকালে এরশাদের সাড়ে ৩ বছর কারাভোগ শেষ হওয়ায় আপিল বিভাগ জরিমানার দণ্ড বহাল রেখে এরশাদকে অবশিষ্ট দেড় বছর সাজাভোগ থেকে অব্যাহতি দেয়। এদিকে দণ্ডপ্রাপ্ত রওশন এরশাদসহ অপর আসামিরা আপিল করলে হাইকোর্ট তাদের সাজা কমিয়ে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই বছর কারাদণ্ড দেয়। এ রায়ের বিরুদ্ধেও আপিল করে আসামিরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৫১৯ ঘ.