চট্টগ্রাম, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মেয়রের দায়িত্ব পালন করতে না দেওয়ায় আবারও ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
মঙ্গলবার বিকেলে যুবলীগের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ক্ষোভ জানান। প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি হিসেবে নগরীর মুসলিম ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করে চট্টগ্রাম মহানগর যুবলীগ।
মেয়র মহিউদ্দিন বলেন, "আমিই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র। চক্রান্ত করে আমাকে দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না। দায়িত্ব পালন করতে না দিয়ে নগরবাসীর সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে। অতীতে আমি সব ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিয়েছি ভবিষ্যতেও দেব।"
তিনি বলেন, "দলের হাল ধরতে নতুন নেতৃত্ব উঠে আসা প্রয়োজন। এ জন্য যুবলীগ নেতাকর্মীদের আরও সুসংহত হতে হবে।"
আওয়ামী লীগ আগামীতে ক্ষমতায় গেলে চালসহ সব নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে দেবে বলেও প্রতিশ্র"তি দেন নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরী।
যুবলীগ চট্টগ্রাম নগর কমিটির সভাপতি চন্দন ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, সহ-সভাপতি নঈমুদ্দিন চৌধুরী, যুবলীগনেতা মশিউর রহমান, সৈয়দ মাহমুদুল হক, শফিক আদনান।
সভা শেষে মুসলিম ইন্সটিটিউট থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে দারুল ফজল মার্কেটে গিয়ে শেষ হয়।
আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরী এক বছর ৭ মাস আটক থাকার পর গত ৮ অক্টোবর জামিনে মুক্তি পান। তিনি আটক হওয়ার পর থেকে কাউন্সিলর মনজুর আলম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। মহিউদ্দিন মুক্তি পেলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে তাকে দায়িত্বের বাইরে রাখা হয়েছে। মনজুর আলম এখনো ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/এসকে/২০৫৮ঘ.
bdnews24