ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক ও রেলপথ বিভাগের অধীনে বিভিন্ন স্থানে রেলপথ স্থাপন, মেরামত ও রেলস্টেশন সংস্কারে ঠিকাদার নিয়োগের পাঁচটি দরপত্র প্রস্তাব নাকচ করে আবার দরপত্র আহ্বান করতে বলেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে মঙ্গলবার কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সভা শেষে কমিটির সভাপতি উপদেষ্টা মির্জ্জা আজিজ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
তবে সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, পাঁচটি দরপত্র প্রস্তাব কমিটি নাকচ করে আবার তা আহ্বানের সিদ্ধান্ত দিয়েছে।
প্রস্তাবগুলো হচ্ছে- আমনুরা-চাপাইনবাবগঞ্জ এবং আমনুরা-রোহনপুর সীমান্ত পর্যন্ত মোট ৪৮ কিলোমিটার মূল লাইন এবং পাঁচ কিলোমিটার লুপ লাইন পুনর্বাসনসহ সেতু, স্টেশন ভবন, প্ল্যাটফরম ও অন্যান্য স্থাপনা মেরামত বা পুনর্গঠনে ঠিকাদার নিয়োগ, রেলওয়ের গৌরীপুর-জারিয়াজাঞ্জাইল এবং শ্যামগঞ্জ-মোহনগঞ্জ সেকশনের পুনর্বাসনে পি-ওয়ে এবং সিভিল কাজের জন্য ঠিকাদার নিয়োগ, লালমনিরহাট-বুড়িমারি সেকশনের মোট ৪২ দশমিক ৫০ কিলোমিটার মূল লাইন এবং পাঁচ দশমিক ৫০ কিলোমিটার লুপ লাইন পুনর্বাসনসহ সেতু, স্টেশন ভবন, প্ল্যাটফরম ও অন্যান্য স্থাপনা মেরামত বা পুনর্গঠনে ঠিকাদার নিয়োগের দুটি প্যাকেজ (ডব্লিউডি-১ ও ২) এবং রাজশাহী-আমনুরা সেকশনের ৩৭ কিলোমিটার মূল লাইন এবং এক দশমিক ৫০ কিলোমিটার লুপ লাইন পুনর্বাসনসহ সেতু, স্টেশন ভবন, প্ল্যাটফরম ও অন্যান্য স্থাপনা মেরামত বা পুনর্গঠনে ঠিকাদার নিয়োগ।
সভায় নৌ-পরিবহন উপদেষ্টা উপস্থিত না থাকায় সেখানে উত্থাপন করা এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) 'চিটাগাং পোর্ট ট্রেড ফ্যাসিলিটেশন' (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় কম্পিউটার পদ্ধতিতে কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনা পদ্ধতি (সিটিএমএস) ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) এর জন্য সর্বনিম্ন দরদাতা যাচাই এবং নিয়োগ চূড়ান্ত করার প্রস্তাবটি মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়।
এছাড়া, উত্তরা আদর্শ আবাসিক শহর (৩য় পর্ব) প্রকল্পের ভূমি উন্নয়ন, সড়ক নির্মাণ এবং পূর্বাচল নতুন শহর প্রকল্পের ভেতরে লেক ও খালের ওপর সেতু নির্মাণের দরপ্রস্তাব অনুমোদনের তিনটি প্রস্তাব অনুমোদন না করে আবার বিবেচনার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে।
সভায় অন্যদের মধ্যে আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, যোগাযোগ এবং গণপূর্ত উপদেষ্টা গোলাম কাদের, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এসকে/১৯৫২ঘ.
bdnews24